...|...|...

বিশ্ব

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১৪ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৪৩
Shares
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার

ছবি: সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোরদারে ইরানকে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ল্যাভরভ বলেন, উপসাগরীয় নিরাপত্তা ব্যবস্থায় ইরানের অংশগ্রহণ আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বাস্তব পদক্ষেপ হতে পারে।

তিনি জানান, দুই দশকেরও বেশি আগে রাশিয়া উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটি বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছিল। ওই উদ্যোগে আরব রাজতন্ত্রগুলোর পাশাপাশি ইরানকেও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিল। এর লক্ষ্য ছিল আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা, পারস্পরিক অভিযোগের সমাধান এবং আস্থা তৈরির উদ্যোগ নেওয়া।

ল্যাভরভ বলেন, আরব লীগ, ইসলামি সহযোগিতা সংস্থা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যকে সম্পৃক্ত করা হলে এ ধরনের আলোচনা আয়োজন আরও সহজ হতো।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর আঞ্চলিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। এর আগে চীনের উদ্যোগ ও রাশিয়ার সক্রিয় উৎসাহে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

ল্যাভরভ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের উপস্থাপিত ‘‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’’কেও যৌথ নিরাপত্তা ও প্রতিরক্ষামূলক জোটের একটি কাঠামো হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, চুক্তিটির সমর্থকরা জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের বাইরের দেশগুলোর জন্যও এতে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে মিসরের নাম প্রায়ই উল্লেখ করা হয়। আলজেরিয়াও আগ্রহ দেখালে তা ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ল্যাভরভ বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তির কাঠামোর মধ্যে যদি ইরানের অংশগ্রহণের শর্তে সম্মতি পাওয়া যায়, তাহলে সেটিই রাশিয়ার দীর্ঘদিনের প্রস্তাবিত আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরির দিকে সবচেয়ে বাস্তব পদক্ষেপ হবে।

তবে এ প্রক্রিয়ায় রাশিয়া কোনো নেতৃত্বস্থানীয় ভূমিকা নিতে চায় না বলেও স্পষ্ট করেন ল্যাভরভ।