...|...|...

বিশ্ব

পশ্চিমবঙ্গের সরকারি তথ্যভাণ্ডারে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ নথি হারানোর শঙ্কা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২৬
Shares
পশ্চিমবঙ্গের সরকারি তথ্যভাণ্ডারে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ নথি হারানোর শঙ্কা

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের ডেটা ভাণ্ডারে (ডেটা রিপোজিটরি) বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ তথ্য চুরি ও গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভারতীয় গণমাধ্যম দ্য স্টেটসম্যান জানায়,  বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর থেকে রাজ্যের একাধিক সরকারি দফতরের ওয়েবসাইট অচল হয়ে পড়ে। তবে এ ঘটনায় এখনো পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

পশ্চিমবঙ্গ রাজ্য ডেটা সেন্টারে রাজ্যের বিভিন্ন সরকারি দফতরের গুরুত্বপূর্ণ তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকে। তথ্যপ্রযুক্তি দপ্তরের অধীনে থাকা এই কেন্দ্রটি পরিচালনা করে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ওয়েবেল)।

সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিন ধরে সাইবার অপরাধীরা রাজ্য ডেটা সেন্টারের সার্ভারে ম্যালওয়্যার হামলা চালায়। এতে অর্থ দপ্তরসহ কয়েকটি সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ নথি চুরি বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সাইবার বিশেষজ্ঞদের ধারণা, হারিয়ে যাওয়া তথ্যের মধ্যে আগের প্রশাসনের আর্থিক নথিও থাকতে পারে।

হামলার পর রাজ্য ডেটা সেন্টারের মূল সার্ভার এখনো পুরোপুরি সচল হয়নি। এর ফলে গণপূর্ত, আবাসন, পুর ও নগরোন্নয়ন এবং রাজ্য পুলিশের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের ওয়েবসাইট অচল হয়ে পড়েছে। পাশাপাশি কিছু দপ্তরের অভ্যন্তরীণ কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী, ৯ সেপ্টেম্বর হামলার ঘটনা ঘটলেও ডেটা সেন্টারের কর্মীরা ১৩ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত বিষয়টি জানতে পারেননি। পরে তদন্তের সময় সাইবার ফরেনসিক দল নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি শনাক্ত করে।

এ ঘটনায় চুরি হওয়া তথ্য এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।