বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে সংঘবদ্ধ সহিংস তৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। গত দেড় সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। পলাতক হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার বিষয়টি ঘিরে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে।
শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত এবং রবিবার (২২ নভেম্বর) প্রচারিত নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পলাতক শেখ হাসিনার সমর্থকরা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে দেশে সহিংসতা চালাচ্ছেন। এ সময় বিভিন্ন স্থানে গণপরিবহন, থানা ও হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি ক্ষমতাসীন বিএনপির দুই নেতার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, পুলিশের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সহিংসতায় নিহত চারজনের মধ্যে দুজন বিএনপির সদস্য এবং অন্য দুজন পরিবহনশ্রমিক। বাসে অগ্নিসংযোগের ঘটনায় ওই দুই শ্রমিকের মৃত্যু হয়।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব সহিংসতার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যদের দায়ী করা হয়েছে।
প্রতিবেদনে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। ওই আন্দোলন দমনে সহিংসতার ঘটনায় জাতিসংঘের হিসাবে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।
২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।
সম্প্রতি দেশে ফেরার জন্য নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেন শেখ হাসিনা। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ আখ্যা দিয়ে ভারত থেকে তাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বাংলাদেশ ও ভারতের সম্পর্কেও নতুন করে চাপ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে নির্দেশনা নিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ করেছেন।
তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে কোনো অবস্থান জানাননি। অন্যদিকে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আগ্রহ দেখিয়েছে নয়াদিল্লি। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোদি।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে, শেখ হাসিনার সমর্থকদের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ড শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতিতেই প্রভাব ফেলছে না, বরং প্রতিবেশী ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কেও নতুন জটিলতা তৈরি করছে।


