...|...|...

খেলা

পর্ন তারকাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করায় বিপাকে ইংলিশ ক্লাব

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:১৩
Shares
পর্ন তারকাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করায় বিপাকে ইংলিশ ক্লাব

ছবি: সংগৃহীত

ইংলিশ ক্লাব লেস্টার সিটির প্রধান জার্সি স্পনসর ‘বিসি গেম’এর নতুন এক সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। পর্ন তারকা ইভা এলফিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে অনলাইন জুয়া প্রতিষ্ঠানটি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে লেস্টার সিটির সমর্থকগোষ্ঠী ফক্সেস ট্রাস্ট। সমর্থকদের মতে, জুয়া ও পর্নোগ্রাফির মতো দুটি বিতর্কিত বিষয়কে একসাথে বড় পরিসরে প্রচারের মাধ্যমে ক্লাবের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ইভা এলফিকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেয় বিসি গেম। এর পরপরই বিষয়টি নিয়ে আপত্তি জানায় ফক্সেস ট্রাস্ট। সমর্থকদের উদ্বেগের বিষয়টি স্বীকার করে লেস্টার সিটি জানিয়েছে, স্পনসর প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে এবং উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান খোঁজা হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

এক বিবৃতিতে ফক্সেস ট্রাস্ট জানায়, লেস্টার সিটির জার্সির সামনের অংশে জুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপন থাকায় আগে থেকেই তাদের অসন্তোষ ছিল। এবার পর্ন তারকাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করায় সেই উদ্বেগ আরও বেড়েছে। সংগঠনটির ভাষ্য, জুয়া ও পর্নোগ্রাফি মানুষের জীবনে, বিশেষ করে তরুণদের ওপর, ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের অংশীদারত্বের মাধ্যমে দুটি বিষয় আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছে যাচ্ছে। একই সাথে এসব কর্মকাণ্ডের সাথে লেস্টার সিটির নামও জড়িয়ে পড়ছে। এমন পরিচয়ই কি এখন ক্লাবের নতুন অবস্থান, প্রশ্ন তুলেছে সমর্থকগোষ্ঠীটি।

অন্যদিকে, পেশাদার গেমিং ও ইস্পোর্টস অঙ্গনে ইভা এলফির পরিচিতির কথা উল্লেখ করে বিসি গেম জানিয়েছে, গেমিং কমিউনিটির সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলী ‘আকো’ মুহান্নেদ বলেন, গেমিং ও ইস্পোর্টসের প্রতি আগ্রহ এবং নিয়মিত কনটেন্ট তৈরির মাধ্যমে এলফি এই অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছেন।

২০২৪-২৫ মৌসুমের শুরুতে লেস্টার সিটির জার্সির প্রধান স্পনসর হয় বিসি গেম। সে সময় প্রতিষ্ঠানটিকে সামাজিকভাবে দায়িত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেছিল ক্লাব কর্তৃপক্ষ। তবে যুক্তরাজ্যে প্রতিষ্ঠানটির অনলাইন জুয়া সেবা ব্যবহার করা যায় না।

সাম্প্রতিক ঘটনায় উদ্বেগের কথা জানিয়ে লেস্টার সিটির এক মুখপাত্র বলেন, প্রধান স্পনসরকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে ক্লাব অবগত। বিষয়টি সরাসরি বিসি গেম এর কাছে তুলে ধরা হয়েছে। উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে আলোচনা অব্যাহত রয়েছে।