...|...|...

খেলা

পাঁচ দেশের বিপক্ষে ফাইফার, অস্ট্রেলিয়ার কিংবদন্তির পাশে হাসান মাহমুদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৩
Shares
পাঁচ দেশের বিপক্ষে ফাইফার, অস্ট্রেলিয়ার কিংবদন্তির পাশে হাসান মাহমুদ

ছবি: সংগৃহীত

প্রতিপক্ষ বদলেছে, কিন্তু বদলায়নি হাসান মাহমুদের বোলিংয়ের ধার। টেস্ট ক্যারিয়ারের শুরুতেই বিরল এক রেকর্ড গড়েছেন বাংলাদেশের এই পেসার। ভিন্ন পাঁচ দেশের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম পাঁচটি পাঁচ উইকেটের কীর্তি গড়ে তিনি ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার নাথান লিয়নকে। এই রেকর্ড গড়া দ্বিতীয় বোলার হলেও পেসার হিসেবে প্রথম হাসান।

গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার পর সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ফাইফার পেয়েছেন হাসান। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার সকালে বাকি তিন উইকেট তুলে নিয়ে এই কীর্তি গড়েন তিনি। এর আগে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ভারতের বিপক্ষেও এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন ২৭ বছর বয়সী এই পেসার। দেশের মাটিতে লাল বলের ক্রিকেটে এটিই তার প্রথম ফাইফার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে হাসানের ঝুলিতে ছিল দুটি উইকেট। দ্বিতীয় দিন সকালে বল হাতে নেমেই ক্যারিবীয়দের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন তিনি। ৮২তম ওভারে পরপর দুই বলে আমির জাঙ্গু ও রোস্টন চেজকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেন।

দিনের শুরুতেই আগের দিন ১১১ রানে অপরাজিত থাকা জাঙ্গুকে বোল্ড করেন হাসান। ২১২ বলের ইনিংসে ১৩টি চার ও দুটি ছক্কায় ১৩৩ রান করেন এই ব্যাটার। পরের বলেই লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক চেজ।

হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেননি হাসান। তার পরের বল জশুয়া বিশপের প্যাডে লাগলে জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান বিশপ। পরে হাসানের বলে ফিরতি ক্যাচ তুলে দিলেও তা নিতে ব্যর্থ হন বাংলাদেশের এই পেসার।

শেষ পর্যন্ত বিশপকে ফিরিয়েই ফাইফার পূর্ণ করেন হাসান। তার বলে এগিয়ে এসে খেলতে গিয়ে পরাস্ত হন বিশপ। পেছনে দাঁড়িয়ে থাকা লিটন দাসের দ্রুত স্টাম্পিংয়ে শেষ হয় তার ইনিংস। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন হাসান।

এই অর্জনে বাংলাদেশের পেসারদের মধ্যে এককভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি। এত দিন চারবার করে পাঁচ উইকেট নিয়ে যৌথভাবে এই অবস্থানে ছিলেন হাসান ও শাহাদাত হোসেন। তবে অনেক কম টেস্ট খেলেই শাহাদাতকে ছাড়িয়ে গেছেন বর্তমান সময়ের এই পেসার।

প্রায় ১০ বছরের টেস্ট ক্যারিয়ারে ৩৮ ম্যাচের ৬০ ইনিংসে চারবার ফাইফার পেয়েছিলেন শাহাদাত। অন্যদিকে মাত্র ১৯ টেস্ট খেলেই পাঁচবার এই কীর্তি গড়েছেন হাসান।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়ার সামগ্রিক তালিকায় অবশ্য স্পিনারদের আধিপত্য রয়েছে। ১৯ বার করে ফাইফার নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।