পবিত্র কোরআনেই আছে; ধর্ম যার যার, রাষ্ট্র সবার বলে মন্তব্য করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি। তিনি বলেছেন, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিষ্টান; কিন্তু রাষ্ট্র সকলের।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফেনীর তুলাবাড়িয়া দুর্গা মন্দিরে পূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে জয়নাল আবদীন বলেন, সকলেই খাজনা-ট্যাক্স দিতেছেন এবং যা যা করার দরকার, তাই তাই করতেছেন। যেভাবে সুযোগ-সুবিধা পাওয়ার আপনারা পাচ্ছেন এবং পাবেন।
নিজের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির সম্পর্কের কথা তুলে ধরে সংসদ সদস্য জানান, ছোটবেলা থেকেই বিভিন্ন ধর্মের মানুষের সাথে তার বন্ধুত্ব ও সুসম্পর্ক গড়ে উঠেছে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সময় হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ভোট পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, আমি আমার ছোটকাল থেকে বন্ধু-বান্ধবদের নিয়ে সকল ধর্মের লোকদের সাথে আমার সম্পর্ক গড়ে উঠেছে। তার প্রমাণ, আমার জীবনে একবার আমি এমপি হয়েছি পার্লামেন্টে। প্রত্যেকটা ঘরে বিপুল পরিমাণ ভোট আমরা হিন্দু সম্প্রদায়ের পেয়েছি।
এবার তুলাবাড়িয়ায় বিপুল ভোটে বিজয়ী হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে জয়নাল আবেদীন বলেন, কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য, এবার এই তুলাবাড়িয়াতে বিপুল ভোটে জয়ী হয়েছি। এটা নজিরবিহীন ঘটনা। এজন্য আমি আমার পরিবার, আমার দল ও সকলের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
এ সময় এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও বিভিন্ন সংকট নিরসনে পাশে থাকার আশ্বাস দেন সংসদ সদস্য। তিনি জানান, অতীতেও তিনি এলাকার মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও উন্নয়ন ও নিরাপত্তার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।
জয়নাল আবেদীন বলেন, অতীতে উন্নয়ন করেছি, আপনাদের পাশে সব সময় থেকেছি। ভবিষ্যতেও যতদূর সম্ভব আমি বলে গেলাম, আপনাদের জন্য, আপনাদের উন্নয়নের জন্য, নিরাপত্তার জন্য, আপনাদের অন্ততপক্ষে বেঁচে থাকার জন্য এবং বিভিন্ন ধরনের সংকট থেকে উত্তরণের জন্য যা যা করার দরকার, রাষ্ট্রীয়ভাবে আমি চেষ্টা করবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন আলাল ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীরা।


