হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মেশাল সতর্ক করে বলেছেন, আল-আকসা মসজিদকে ঘিরে ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রম পবিত্র স্থানটির ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য’ প্রতিষ্ঠার পথ প্রশস্ত করছে। সংবাদমাধ্যম মিডল ইস্ট আই প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে মেশাল বলেন, এসব পদক্ষেপের মধ্যে রয়েছে মসজিদটি ৪০ দিনের জন্য বন্ধ রাখা। তাঁর দাবি, এর মাধ্যমে ‘সাময়িক বিভাজন’ চাপিয়ে দিয়ে ‘চরমপন্থী ইহুদি গোষ্ঠীগুলোর’ অনুপ্রবেশ সহজ করার চেষ্টা করা হচ্ছে।
এ ছাড়া মসজিদ চত্বরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো খালি করার মাধ্যমে ‘স্থানিক বিভাজন’ তৈরির চেষ্টাও করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মেশাল বলেন, আল-আকসা বর্তমানে একটি ‘সন্ধিক্ষণে’ দাঁড়িয়ে আছে। পবিত্র স্থানটি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি ‘প্রতিরোধ ও জিহাদের কৌশল’ গ্রহণের কথাও উল্লেখ করেন।
তিনি আরব ও মুসলিম-প্রধান দেশগুলোর প্রতি ফিলিস্তিনের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে ‘দৃঢ় উপস্থিতি’ বজায় রাখার আহ্বান জানিয়েছেন হামাসের এই নেতা।


