...|...|...

সারাদেশ

পদ্মার পাড়ে মিলল বাইসাইকেল-জুতা, ৪৫ দিনেও সন্ধান মেলেনি রাহাতের

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৪
Shares
পদ্মার পাড়ে মিলল বাইসাইকেল-জুতা, ৪৫ দিনেও সন্ধান মেলেনি রাহাতের

নিখোঁজ স্কুলছাত্র রাহাত। ছবি: সংগৃহীত

বিকেলে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছিল ১৫ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থী মো. রাহাত হোসেন। কথা ছিল, সন্ধ্যার পরই বাড়ি ফিরবে সে। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি রাহাতের। পরদিন সকালে বাড়ি থেকে বেশ দূরে পদ্মা নদীর পাড়ে পাওয়া যায় তার ব্যবহৃত বাইসাইকেল ও একজোড়া জুতা। এরপর পেরিয়ে গেছে ৪৫ দিন। কিন্তু এখনো সন্ধান মেলেনি রাহাতের।

‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে পাবনা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাহাতের বাবা কৃষক মো. মুন্নুচ আলী। স্বাভাবিকভাবে নিখোঁজ হওয়ার চেয়ে তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়ে থাকতে পারে। দ্রুত তদন্ত করে রাহাতকে জীবিত উদ্ধার করার দাবি করেন তিনি।

‎রাহাত পাবনার সুজানগর উপজেলার ভায়না গ্রামের বাসিন্দা। সে সাতবাড়িয়া উচ্চবিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ফলাফলের অপেক্ষায় থাকা অবস্থায় গত ৯ আগস্ট হঠাৎ নিখোঁজ হয় সে।

‎সংবাদ সম্মেলনে মুন্নুচ আলী বলেন, ৯ আগস্ট বিকেলে রাহাত বাইসাইকেল নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়। সন্ধ্যা ৭টার দিকে তার বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। প্রথমে বন্ধু, স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নেওয়া হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

‎পরদিন সকালে রাহাতের ব্যবহৃত বাইসাইকেল ও জুতা পাওয়া যায় মানিকহাট ইউনিয়নের গুপিনপুর গোরস্তানসংলগ্ন মাজপাড়া ঈদগাহ মাঠের পাশে পদ্মা নদীর পাড়ে। বাড়ি থেকে দূরের ওই স্থানে তার বাইসাইকেল ও জুতা পড়ে থাকা নিয়ে তখন থেকেই পরিবারের মধ্যে সন্দেহ তৈরি হয়।

‎মুন্নুচ আলীর দাবি, রাহাত নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে মাজপাড়া ঈদগাহ মাঠের সামনে একটি সিএনজি ও কয়েকটি মোটরসাইকেল সন্দেহজনকভাবে দাঁড়িয়ে ছিল। ওই যানবাহনগুলোর সাথে রাহাতের নিখোঁজ হওয়ার কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানান তিনি।

‎মুন্নুচ আলী বলেন, আমরা কারও বিরুদ্ধে নিজেরা কোনো সিদ্ধান্ত দিতে চাই না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে প্রকৃত ঘটনা বের করুক। আমার একটাই দাবি- আমার ছেলেকে জীবিত উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।

‎রাহাতের নিখোঁজের ঘটনায় ১০ আগস্ট সুজানগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ১৬ আগস্ট তার বাবা অপহরণের অভিযোগে মামলা করেন। বর্তমানে মামলাটি পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে বলে পরিবার জানিয়েছে।

‎তবে মামলা হওয়ার পরও ৪৫ দিন ধরে রাহাতের কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে পরিবারের। ছেলে কোথায় আছে, কী অবস্থায় আছে- কোনো তথ্যই না পাওয়ায় প্রতিদিন উৎকণ্ঠার মধ্যে কাটছে তাদের।

‎রাহাতের বাবা বলেন, ৪৫ দিন ধরে আমরা জানি না আমার ছেলে বেঁচে আছে কি না, কোথায় আছে। প্রতিদিন অপেক্ষা করছি- হয়তো আজ ছেলের কোনো খবর পাব। আমরা আর অপেক্ষা করতে পারছি না। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত আমার ছেলেকে খুঁজে বের করুন।

এ বিষয়ে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি আব্দুস সালাম বলেন, রাহাত নিখোঁজ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট দিনরাত কাজ করছে। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। আমরা তৎপর আছি, আশা করছি তার সন্ধান পাওয়া সম্ভব হবে।