নোট অব ডিসেন্টসহ যেভাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যেই সংবিধান সংশোধন কমিটিতে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হচ্ছে। নোট অব ডিসেন্টসহ যে প্রক্রিয়ায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হয়েছে, সেটি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, নোট অব ডিসেন্টকে বাদ দিয়ে বা আলাদাভাবে বিবেচনা করে জুলাই সনদ বাস্তবায়নের কোনো অবস্থান সরকারের নেই। যেখানে ঐকমত্য হয়েছে, সেখানে সবাই স্বাক্ষর করেছেন এবং জাতীয় পর্যায়ের একটি অনুষ্ঠানের মাধ্যমে সনদটি স্বাক্ষরিত হয়েছে। তাই যেভাবে সনদে স্বাক্ষর করা হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করলেই সংবিধান সংশোধনের সব বিষয় অন্তর্ভুক্ত হবে না। আরও বেশ কিছু বিষয় সংশোধনীর আওতায় আনার প্রয়োজন রয়েছে। নির্বাচনী ইশতেহার, বিভিন্ন জনদাবি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে আসা প্রস্তাবগুলোও বিবেচনায় নেওয়া হবে।
এসব বিষয় সমন্বয় করে একটি প্রতিবেদন তৈরি করে তা বিল আকারে সংসদে উপস্থাপনের জন্য দেওয়া হবে বলেও জানান তিনি।
গণভোটের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেটি আইনি গণভোট। তবে গণভোটসংক্রান্ত অধ্যাদেশকে আইনি কাঠামোর মধ্যে আনা সম্ভব হয়নি। এ বিষয়ে বিভিন্ন সমস্যা থাকায় সংসদের ভেতরে ও বাইরে সরকারের পক্ষ থেকে বিষয়টি তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, সামনে সংবিধান সংশোধনের সময় বিভিন্ন অনুচ্ছেদ ও ধারায় পরিবর্তন, সংশোধন এবং নতুন কিছু সংযোজনের প্রস্তাব আসতে পারে। এসব সংশোধনী গ্রহণ করা হলে পরবর্তী ধাপে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট আয়োজনের প্রয়োজন হবে। সেটিই হবে সাংবিধানিক গণভোট।
এদিকে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিরোধী দল কেন লংমার্চ করছে, সেই ব্যাখ্যা তাদেরই দিতে হবে। কর্মসূচি পালন করা তাদের গণতান্ত্রিক অধিকার এবং এটি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ।
তিনি আরও বলেন, বিরোধী দল লংমার্চ করুক, সভা-সমাবেশ করুক কিংবা বক্তব্য দিক-এসব তাদের রাজনৈতিক কর্মকাণ্ড। তবে সংবিধান সংশোধনের বিষয়টি সংসদেই আলোচিত ও সম্পন্ন হবে।


