নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতি ইঙ্গিত করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, যুদ্ধাপরাধীদের স্থান জাতিসংঘের মঞ্চে নয়, বরং আদালতের কাঠগড়ায়। সেখানে তাদের ঝরানো রক্তের জন্য জবাবদিহি করতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আনাদোলু বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, ইস্তাম্বুলে ২৯তম আন্তর্জাতিক ব্যবসায়িক ফোরামের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন এরদোয়ান। এ সময় তিনি বলেন, যারা গণহত্যা চালাচ্ছে, তাদের যদি ন্যায়বিচার ও ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাবদিহি না করা হয়, তাহলে একই ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি ঘটবে।
এরদোয়ান বলেন, ফিলিস্তিনি জনগণ একা বা পরিত্যক্ত নয়। ন্যায়বিচারের লড়াইয়ে গাজায় থাকা তাদের ভাই-বোনেরাও একা নন।
তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, তুরস্ককে কেন্দ্র করে পুরো অঞ্চল এখন সংকটের এক প্রবল ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে।


