...|...|...

রাজনীতি

নেতাকর্মীরা ঘুমহীন প্রহরীর মতো পূজামণ্ডপ পাহারা দেবে: রিজভী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, রাত ১২:৫২
Shares
নেতাকর্মীরা ঘুমহীন প্রহরীর মতো পূজামণ্ডপ পাহারা দেবে: রিজভী

ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে পূজামণ্ডপগুলোতে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় নেতাকর্মীদের ঘুমহীন প্রহরীর মতো দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা সামনে রেখে সারা দেশে দলের নেতাকর্মীরা কীভাবে সমন্বিতভাবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারেন, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা ও পূজার পরিবেশ নির্বিঘ্ন রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হবে। এ ছাড়া বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে পূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।

রিজভী আরও বলেন, এখনো দেশের মধ্যে সরকারের বিরুদ্ধে একটি গোষ্ঠী ষড়যন্ত্র ও নীলনকশা করছে।

এদিকে, স্থানীয় সরকার নির্বাচন, ছাত্রদলের কমিটি গঠন এবং দলের জাতীয় কাউন্সিলের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে রিজভী জানান, এসব বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।