...|...|...

রাজনীতি

যুব উন্নয়নের প্রশ্নফাঁস

প্রার্থীদের ক্ষতিপূরণ দাবি এনসিপির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, রাত ১:৫১
Shares
প্রার্থীদের ক্ষতিপূরণ দাবি এনসিপির

ছবি: টাইমস টুডে

যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত প্রার্থীদের ক্ষতিপূরণ বা উপযুক্ত প্রতিকার দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসাথে আগামী ১৬ অক্টোবর নির্ধারিত পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার (১০ অক্টোবর) এনসিপির দফতর সেলের সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মাত্র ২৪২টি পদের বিপরীতে প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় ছিলেন। অর্থাৎ প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ১ হাজার ৩২০ জন প্রতিযোগিতা করছিলেন। এত বিপুলসংখ্যক চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ জড়িত থাকার পরও নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে না পারা গুরুতর ব্যর্থতা।

এনসিপি জানায়, পরীক্ষার আগের রাতেই প্রশ্নফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়লেও প্রার্থীরা যাতায়াত, থাকা-খাওয়া ও প্রস্তুতির পেছনে অর্থ, সময় ও শ্রম ব্যয় করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান। পরে পরীক্ষা স্থগিতের খবর জানতে পেরে তারা আর্থিক ক্ষতি ও মানসিক চাপের মুখে পড়েন।

বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে যথাসময়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না এবং প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পরও কেন পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্পষ্ট জবাব দাবি করেছে দলটি।

এনসিপির মতে, শুধু পরীক্ষা স্থগিত করলেই এ সংকটের সমাধান হবে না। প্রশ্নপত্র কীভাবে বাইরে গেল, কারা এর সাথে জড়িত এবং নিয়োগপ্রক্রিয়ার কোনো পর্যায়ে দায়িত্বে অবহেলা কিংবা যোগসাজশ ছিল কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।

দলটি তদন্তের প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে জনসমক্ষে তথ্য দেওয়ার দাবি জানিয়েছে। একইসাথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আগাম দায়ী না করে প্রমাণের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আগামী ১৬ অক্টোবর নির্ধারিত পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের ওপর গুরুত্বারোপ করেছে এনসিপি। এ জন্য প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, পরিবহন, সংরক্ষণ ও বিতরণের প্রতিটি ধাপে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

পরীক্ষা দিতে এসে যাতায়াত ও আবাসনসহ অনিবার্য ব্যয় বহন করা প্রার্থীদের ক্ষতিপূরণ দেওয়া কিংবা তাদের জন্য উপযুক্ত প্রতিকারের ব্যবস্থা বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।

বিবৃতিতে বলা হয়, কর্মসংস্থানের সুযোগ সীমিত থাকায় সরকারি চাকরিকে ঘিরে লাখো তরুণের প্রত্যাশা রয়েছে। নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা প্রশ্নপত্রের নিরাপত্তাহীনতার কারণে তাঁদের সেই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত হতে পারে না।

চাকরিপ্রার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে এনসিপি বলেছে, তিন লাখের বেশি প্রার্থীর সময়, অর্থ, শ্রম ও ভবিষ্যৎ প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।