...|...|...

জাতীয়

মহালয়ার সুরে দুর্গাপূজার আগমনী বার্তা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, সকাল ৯:০৫ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, সকাল ১০:৫০
Shares
মহালয়ার সুরে দুর্গাপূজার আগমনী বার্তা

ছবি: সংগৃহীত

চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন এবং ঢাক-কাঁসা ও শঙ্খের ধ্বনিতে দেবী দুর্গাকে মর্ত্যে আগমনের আহ্বান জানানোর মধ্য দিয়ে দেশে উদযাপিত হয়েছে পবিত্র মহালয়া। এর মধ্য দিয়ে অবসান ঘটেছে পিতৃপক্ষের, সূচনা হয়েছে দেবীপক্ষের। একই সাথে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা।

মহালয়া উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) ভোরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেবীপক্ষের সূচনালগ্নের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

শনিবার ভোর ৬টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মহালয়ার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল ৭টা ৩০ মিনিটে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ এবং সকাল ৯টায় বিশেষ প্রার্থনা ও মহালয়ার ঘট স্থাপনের আয়োজন করা হয়।

পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ছয় দিনব্যাপী মূল দুর্গোৎসব। এরপর ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।