...|...|...

বিনোদন

নেটফ্লিক্সে ঝড় তুলেছে ‘নোবডি ওয়ান্টস দিস’, প্রতিদিন লাখ লাখ ভিউ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪১
Shares
নেটফ্লিক্সে ঝড় তুলেছে ‘নোবডি ওয়ান্টস দিস’, প্রতিদিন লাখ লাখ ভিউ

ছবি: সংগৃহীত

প্রেম, ধর্মীয় বিশ্বাসের পার্থক্য, পারিবারিক বাধা আর ব্যক্তিগত স্বাধীনতার টানাপোড়েন-সব মিলিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি সিরিজ ‘নোবডি ওয়ান্টস দিস’। সিরিজটির তৃতীয় মৌসুম মুক্তির পর আবারও বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। মুক্তির প্রথম চার দিনেই এটি পেয়েছে ৬২ লাখ ভিউ।

ক্রিস্টেন বেল ও অ্যাডাম ব্রডি অভিনীত সিরিজটি ২০২৪ সালে প্রথম মৌসুমের মাধ্যমে যাত্রা শুরু করে। গতানুগতিক প্রেমের গল্পের বাইরে গিয়ে দুই ভিন্ন জীবনদর্শনের মানুষের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত হয়েছে এর কাহিনি। একজন ধর্মবিশ্বাসে অনাগ্রহী পডকাস্টার জোয়ান, অন্যজন ইহুদি ধর্মযাজক নোয়াহ। ভিন্ন বিশ্বাস ও পারিবারিক বাস্তবতার মধ্যেও তাদের ভালোবাসার গল্প দর্শকদের আকৃষ্ট করেছে।

তৃতীয় মৌসুমে এসে জোয়ান ও নোয়াহর সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছেছে। আগের দুই মৌসুমে তাদের সম্পর্কের মূল চ্যালেঞ্জ ছিল ভিন্ন ধর্মীয় বিশ্বাস ও পারিবারিক অবস্থানের মধ্যে একসাথে থাকার সম্ভাবনা। দ্বিতীয় মৌসুমের শেষ দিকে জোয়ান ইহুদি ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। অন্যদিকে নোয়াহ উপলব্ধি করেন, জোয়ানকে তিনি তার সিদ্ধান্তের কারণে নয়, বরং মানুষ হিসেবে ভালোবাসেন।

নতুন মৌসুমে গল্পের মূল আকর্ষণ হয়ে উঠেছে একসাথে জীবনযাপনের বাস্তবতা। জোয়ান ও নোয়াহ একই ছাদের নিচে থাকতে শুরু করেন। নতুন জীবনের আনন্দের পাশাপাশি অভ্যাসের পার্থক্য, ব্যক্তিগত পরিসর এবং পরিবারের হস্তক্ষেপ তাদের সম্পর্কে নতুন চ্যালেঞ্জ তৈরি করে।

তৃতীয় মৌসুমটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। রিভিউ সংগ্রহকারী ওয়েবসাইট রটেন টম্যাটোজে প্রকাশিত ২০টি সমালোচনার ভিত্তিতে মৌসুমটির টম্যাটোমিটার স্কোর দাঁড়িয়েছে ৯০ শতাংশ। তবে দর্শকদের স্কোর তুলনামূলক কম, ৬৯ শতাংশ।

দ্য গার্ডিয়ানের সমালোচক জ্যাক সিল তৃতীয় মৌসুমকে পাঁচের মধ্যে চার দিয়েছেন। তার মতে, গল্পটি এবার স্থিতিশীল অবস্থানে পৌঁছালেও দর্শকদের নতুন করে প্রেমে পড়ার আনন্দ দিতে সক্ষম হয়েছে।

টাইম সাময়িকীর জুডি বারম্যানের পর্যালোচনাতেও জোয়ান ও নোয়াহর সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদের বিষয়টি উঠে এসেছে।

তবে সমালোচকদের সবাই একইভাবে প্রশংসা করেননি। দ্য হলিউড রিপোর্টারের অ্যাঞ্জি হ্যানের মতে, সিরিজটি আগের চেয়ে বেশি মিষ্টি ও ভারসাম্যপূর্ণ হলেও এর কিছু পুরোনো দুর্বলতা রয়ে গেছে। অন্যদিকে রজারএবার্ট ডটকমের ক্রিস্টিনা এসকোবার মনে করেন, দ্বিতীয় মৌসুমে গল্পে কিছুটা পুনরাবৃত্তি থাকলেও তৃতীয় মৌসুমে সম্পর্কের নতুন দিক তুলে ধরা হয়েছে। বিশেষ করে ব্যক্তিগত পরিবর্তন ও পরিণত হওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সিরিজটির জনপ্রিয়তার অন্যতম কারণ প্রধান দুই অভিনয়শিল্পীর পর্দার রসায়ন। জোয়ান চরিত্রে ক্রিস্টেন বেল আত্মবিশ্বাসী, স্পষ্টবাদী ও আবেগপ্রবণ একজন নারীর চরিত্র ফুটিয়ে তুলেছেন। প্রেমের কারণে নিজের জীবন ও সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে শেখার বিষয়টিও তার অভিনয়ে উঠে এসেছে।

অন্যদিকে নোয়াহ চরিত্রে অ্যাডাম ব্রডি দায়িত্বশীল ধর্মযাজক, পরিবারের সদস্য ও প্রেমিক-এই তিন পরিচয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখেছেন। তার সংযত আচরণ ও হাস্যরস জোয়ানের চঞ্চল স্বভাবের সাথে দারুণ বৈপরীত্য তৈরি করেছে।

দুজনের কথোপকথন, খুনসুটি, মান-অভিমান ও আবেগঘন মুহূর্তগুলো সিরিজের রোমান্টিক আবেদন আরও বাড়িয়েছে।

তৃতীয় মৌসুমে পার্শ্বচরিত্রগুলোর গল্পও পেয়েছে বাড়তি গুরুত্ব। জোয়ানের বোন মর্গান ও নোয়াহর ভাই সাশার সম্পর্কের নতুন সমীকরণ দর্শকদের আগ্রহ তৈরি করেছে। মর্গান চরিত্রে জাস্টিন লুপের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। তার চরিত্রে আত্মবিশ্বাস, ঈর্ষা, হাস্যরস ও ব্যক্তিগত অনিশ্চয়তার নানা দিক ফুটে উঠেছে। পাশাপাশি সাশা ও এস্থারের সম্পর্কের পরিবর্তনও গল্পে নতুন মাত্রা যোগ করেছে।

নেটফ্লিক্সের দর্শকসংখ্যার হিসাব অনুযায়ী, ২২ অক্টোবর মুক্তির পর প্রথম চার দিনে তৃতীয় মৌসুমটি ৬২ লাখ ভিউ পেয়েছে। এ সাফল্যে নেটফ্লিক্সের ইংরেজি ভাষার সিরিজের তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এটি।

তবে আগের মৌসুমের তুলনায় উদ্বোধনী দর্শকসংখ্যা কমেছে। দ্বিতীয় মৌসুম মুক্তির প্রথম চার দিনে ৮৬ লাখ ভিউ পেয়েছিল। সেই হিসাবে তৃতীয় মৌসুমের প্রাথমিক দর্শকসংখ্যা প্রায় ২৮ শতাংশ কম।

তারপরও ২০২৬ সালে নেটফ্লিক্সে ফিরে আসা চিত্রনাট্যনির্ভর কমেডি সিরিজগুলোর মধ্যে সবচেয়ে বড় উদ্বোধনী সপ্তাহান্তের দর্শকসংখ্যা অর্জন করেছে ‘নোবডি ওয়ান্টস দিস’। বিশ্বের ৫৬টি দেশের সেরা ১০ সিরিজের তালিকায় জায়গা করে নেওয়ার পাশাপাশি ১১টি দেশে শীর্ষ অবস্থানেও পৌঁছেছে সিরিজটি।

২০২৪ সালে যাত্রা শুরুর পর থেকে নেটফ্লিক্সের বিশ্বব্যাপী সেরা ১০ সিরিজের তালিকায় মোট ১১ সপ্তাহ অবস্থান করেছে ‘নোবডি ওয়ান্টস দিস’। এ সময়ে সিরিজটির মোট ভিউ ছাড়িয়েছে ১২ কোটি।