যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের জয়ের পর ভোট কারচুপির পুরোনো অভিযোগ আবারও সামনে এনেছেন তিনি। যদিও নিজের দাবির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ হাজির করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশ্ন করেন, নির্বাচন সত্যিই সুষ্ঠু হয়েছে কি না। একইসাথে তিনি জানতে চান, জনমত জরিপের পূর্বাভাসের সাথে নির্বাচনের ফলাফলে এত বড় পার্থক্য তৈরি হলো কেন।
ট্রাম্পের দাবি, আগাম ভোটের বিপুলসংখ্যক ব্যালট একসাথে গণনা করায় রিপাবলিকানদের জয় পাওয়ার সুযোগ কঠিন হয়ে পড়ে। ভোট গণনার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, পুরো বিষয়টিই ভোটযন্ত্রকে কেন্দ্র করে, অথচ ভোটারের গুরুত্ব সেখানে অনেক বেশি হওয়া উচিত।
তবে নির্বাচনের ফল নিয়ে ট্রাম্পের বর্তমান বক্তব্যের সাথে নির্বাচনের রাতের অবস্থানের মিল পাওয়া যাচ্ছে না। ওই রাতে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফলাফল মেনে নেওয়ার বিষয়ে তিনি বলেছিলেন, আমি নিঃসন্দেহে ওই ফলাফল মেনে নিতে প্রস্তুত।
নির্বাচনে পরাজয়ের পর ভোট কারচুপির অভিযোগ তোলা ট্রাম্পের জন্য অবশ্য নতুন কিছু নয়। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হারের পরও ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলেছিলেন তিনি। তবে সে সময়ও তার অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।


