ইসরায়েলের নির্বাচনকে কেন্দ্র করে দেশটির মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক আইনবিরোধী অপরাধের বিষয়টি যেন আড়ালে চলে না যায়, সে বিষয়ে সতর্ক করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে, ইসরায়েলের নির্বাচনে ইতিবাচক মানবাধিকার পরিবর্তন আসবে—এমন আশা করার কারণ ফিলিস্তিনিদের খুবই কম।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, অ্যামনেস্টির কর্মকর্তা এরিকা গুয়েভারা রোসাস বলেন, সাম্প্রতিক মাসগুলোতে নির্বাচনে রাজনৈতিক সুবিধা পেতে প্রার্থীরা নির্লজ্জভাবে ফিলিস্তিনিবিরোধী মনোভাবকে কাজে লাগিয়েছেন। কেউ কেউ আন্তর্জাতিক আইনের অধীনে মানবাধিকার লঙ্ঘন ও অপরাধ আরও বাড়ানোর হুমকিও দিয়েছেন।
রাজনৈতিক মতাদর্শের বিভিন্ন অবস্থানে থাকা প্রার্থীরা ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিক ও বামপন্থী বালাদ পার্টির চেয়ারম্যান সামি আবু শেহাদেহকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিও তুলেছেন।
রোসাস ইসরায়েলের ওপর প্রভাব রয়েছে—এমন দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা নির্বাচনের পর গঠিত নতুন সরকারের ওপর চাপ সৃষ্টি করে। একই সঙ্গে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং ইউরোপীয় ইউনিয়ন-ইসরায়েল সহযোগিতা চুক্তি স্থগিত করার আহ্বান জানিয়েছেন তিনি।


