...|...|...

বিশ্ব

৫৩ বছরের রেকর্ড ভাঙলেন ইসরায়েলি ভোটাররা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৮
Shares
৫৩ বছরের রেকর্ড ভাঙলেন ইসরায়েলি ভোটাররা

ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েলের সংসদীয় নির্বাচনে ভোটগ্রহণ। দখলদার দেশটির নির্বাচনের হার দুপুর নাগাদ ৩১ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। ১৯৭৩ সালের পর দুপুর পর্যন্ত ভোটদানের এই হার সর্বোচ্চ।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৩ লাখেরও বেশি নাগরিক ভোট দিয়েছেন। আগের নির্বাচনে একই সময়ে ভোটদানের হার ছিল ২৮ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ, এবার ভোটার উপস্থিতি বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ পয়েন্ট।

দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির ভারপ্রাপ্ত মহাপরিচালক ডিন লিভনে জানান, দুপুর পর্যন্ত ২৩ লাখ ৯ হাজার নাগরিক ভোট দিয়েছেন। ভোটারদের ব্যাপক উপস্থিতির কারণে কিছু কেন্দ্রে দীর্ঘ সারি তৈরি হয়েছে। তবে নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে পৌঁছানো সবাইকে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি।

শহরভেদে ভোটদানের হারে পার্থক্য দেখা গেছে। দুপুর পর্যন্ত তেল আবিবে ২৮ দশমিক ৮ শতাংশ, জেরুজালেমে ২৭ দশমিক ১ শতাংশ, হাইফায় ২৭ দশমিক ৩ শতাংশ, রিশন লেজিওনে ২৯ শতাংশ এবং বের শেভাতে ২৭ দশমিক ৪ শতাংশ ভোট পড়েছে। পৌরসভাগুলোর মধ্যে মোদিইন-মাকাবিম-রেউতে সর্বোচ্চ ৩৬ দশমিক ৭ শতাংশ ভোট পড়েছে। মোদিইন ইলিতে এই হার ৩৩ দশমিক ২ শতাংশ, কিরিয়াত আতায় ৩১ দশমিক ৪ শতাংশ, আশদোদে ৩০ দশমিক ৪ শতাংশ এবং সদেরোতে ৩০ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে, নেতানিয়ায় ২৩ দশমিক ৮ শতাংশ, নাজারেথে ২৪ দশমিক ৯ শতাংশ এবং ইলাতে ২২ দশমিক ২ শতাংশ ভোট পড়েছে।

ভোটগ্রহণের শুরু থেকেই ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সকাল ১০টা নাগাদ ভোটদানের হার দাঁড়ায় ১৬ দশমিক ৬৮ শতাংশে, যা ১৯৮১ সালের পর ওই সময়ের সর্বোচ্চ। তখন পর্যন্ত ১২ লাখেরও বেশি নাগরিক ভোট দেন। আগের নির্বাচনে একই সময়ে ভোটদানের হার ছিল ১৫ দশমিক ৯ শতাংশ।

সামরিক সদস্যদের মধ্যেও ভোটদানের হার বেড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, সকাল ১০টা পর্যন্ত যোগ্য সামরিক সদস্যদের ৩০ শতাংশ ভোট দিয়েছেন। আগের নির্বাচনে একই সময়ে এই হার ছিল ২৫ দশমিক ৭ শতাংশ।

২৬তম নেসেট নির্বাচনে মোট ৭৩ লাখ ৩১ হাজার ৯৮১ জন নাগরিক ভোট দেওয়ার যোগ্য। ১২০ আসনের পার্লামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে ৩৬টি রাজনৈতিক দল। সারা দেশে ১২ হাজার ১৮টি ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ। বেশিরভাগ কেন্দ্র রাত ১০টা পর্যন্ত খোলা থাকার কথা।

রাআনানা ও রামাত গানের মতো শহরের বিভিন্ন ভোটকেন্দ্রে দীর্ঘ সারি দেখা গেছে। ভোটারদের ভিড়ের কারণে কিছু কেন্দ্রে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান বিচারপতি নোয়াম সোলবার্গ। ভোটারদের পরিচয় সতর্কতার সঙ্গে যাচাই করায় কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানান লিভনে। তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি, সবাই ভোট দিতে পারবেন।’ প্রয়োজনে রাত ১০টার পরও কেন্দ্র খোলা রাখা হবে, যাতে নির্ধারিত সময় পর্যন্ত লাইনে অপেক্ষমাণ ভোটাররা ভোট দিতে পারেন।

নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। জেরুজালেমে স্ত্রী মিখালকে সঙ্গে নিয়ে ভোট দেওয়ার পর তিনি দিনটিকে গণতন্ত্রের উৎসব হিসেবে অভিহিত করেন। হারজোগ বলেন, ‘আজ আমাদের বেরিয়ে আসার, পরিবর্তন আনার এবং ভোট দেওয়ার দিন।’ রাজনৈতিক বিভাজন যেন ভোটপ্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত না করে, সে আহ্বানও জানান তিনি।

এদিকে, কিছু ব্যক্তি নির্বাচনপ্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করলেও কঠোর নজরদারির মাধ্যমে ভোটগ্রহণ নিরাপদে চলছে বলে জানিয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের পরিচালক ডেভিড জিনি।

তবে প্রায় ৬ লাখ ৫০ হাজার বিশেষ ব্যালট গণনা করতে হতে পারে। এ কারণে চূড়ান্ত ফলাফল প্রকাশে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।