...|...|...

বিনোদন

নির্বাচনের আগে ফাঁস হওয়া অডিও নিয়ে যা বললেন জয় চৌধুরী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, সকাল ৬:২০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০৭
Shares
নির্বাচনের আগে ফাঁস হওয়া অডিও নিয়ে যা বললেন জয় চৌধুরী

চিত্রনায়ক জয় চৌধুরী। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়ক জয় চৌধুরীর কথোপকথন দাবি করা দুটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। 

একটি অডিওতে তাকে মহিলা এমপি হওয়ার কোটা সংক্রান্ত বিষয়ে কথা বলতে শোনা যায়, অন্যদিকে অন্য অডিওতে হুন্ডির মাধ্যমে ইতালি থেকে অর্থ আনার বিষয়ে আলোচনার বিষয়টি উঠে আসে।

অডিওগুলোতে হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেনের প্রসঙ্গ থাকায় বিষয়টি নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে, কারণ বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন একটি দণ্ডনীয় অপরাধ।

তবে এই বিতর্কের প্রেক্ষিতে জয় চৌধুরী নিজের অবস্থান পরিষ্কার করেছেন। গণমাধ্যমের কাছে তিনি স্বীকার করেছেন যে অডিওতে থাকা কণ্ঠ তার, তবে তিনি দাবি করেন কথোপকথনের অংশবিশেষ প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে প্রচার করা হয়েছে।

তার ভাষ্যমতে, গুলশান-বনানীতে ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে তাকে জানানো হয়েছিল যে মহিলা এমপির জন্য সুপারিশ করা সম্ভব, সেই বিষয়টিই তিনি পরিচিত একজনকে জানিয়েছিলেন। তিনি কোনো আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করে প্রয়োজনে নিজের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, জয় চৌধুরী ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘অমানুষ হলো মানুষ’ ও ‘আজব প্রেম’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। এর আগেও ২০২৪ সালের শিল্পী সমিতির নির্বাচনের পর এফডিসিতে সাংবাদিকদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার মারমুখী আচরণের ভিডিও ছড়িয়ে পড়লে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন এবং সে সময় গণমাধ্যমকর্মীদের একটি অংশ তাকে বয়কটের ঘোষণা দিয়েছিল।

সবশেষ এই অডিও ফাঁস হওয়ার ঘটনায় শিল্পী সমিতির নির্বাচনের আগে তিনি আবারও বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন।