বলিউড তারকা গোবিন্দের সাথে দীর্ঘ দাম্পত্য জীবন এবং অভিনেতার অতীতের পরকীয়া সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তার স্ত্রী সুনীতা আহুজা। সম্প্রতি ‘লক আপ ২’ নামের একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে তিনি তাদের ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন ও অভিজ্ঞতার কথা শেয়ার করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সুনীতা জানান, কাউকে ভালোবাসার অর্থ হলো সম্পর্কের কঠিন সময়গুলোকেও ধৈর্যের সাথে মেনে নেওয়া।
গোবিন্দের জীবনে একাধিক পরকীয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ভালোবাসার খাতিরে তিনি অনেক কিছুই সহ্য করেছেন। গোবিন্দ ঠিক কতগুলো সম্পর্কে জড়িয়েছিলেন—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো সংখ্যা না বললেও ইঙ্গিত দেন যে, অভিনেতা-অভিনেত্রীদের জীবনে এমন সম্পর্কের গুঞ্জন নতুন কিছু নয়।
এমনকি দীর্ঘ সময় ধরে গোবিন্দকে সাপোর্ট করার পর রসিকতা করে সুনীতা বলেন, পরের জন্মে তিনি গোবিন্দের মতো ছেলে হওয়ার যোগ্য।
সাক্ষাৎকারে গোবিন্দের পায়ে গুলি লাগার আলোচিত পুরনো ঘটনাটির প্রসঙ্গও উঠে আসে। সেই সময় গুঞ্জন উঠেছিল যে, সুনীতাই হয়তো গোবিন্দকে গুলি করেছিলেন। এই বিষয়টি নিয়ে তিনি রসিকতার সুরে মন্তব্য করেন, তিনি নিজে কখনো লক্ষ্যভ্রষ্ট হন না।
দীর্ঘ দিন ধরেই এই তারকা দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে নানা আলোচনা চলে আসছে, যা সুনীতার এই খোলামেলা বক্তব্যের পর আবারও নতুন করে আলোচনায় এসেছে।

