...|...|...

বিনোদন

কেন আত্মহত্যার চেষ্টা করেছিলেন গোবিন্দ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, বিকেল ৩:২৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২৫
Shares
কেন আত্মহত্যার চেষ্টা করেছিলেন গোবিন্দ

বলিউড অভিনেতা গোবিন্দ। ছবি: সংগৃহীত

বলিউডের রুপালি পর্দায় যার হাসিতে মেতেছে লাখো দর্শক, সেই ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দর জীবনের নেপথ্যে রয়েছে এক হৃদয়বিদারক গল্প। ব্যক্তিজীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে এই অভিনেতাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায়ের কথা প্রকাশ্যে এনেছেন তিনি। গোবিন্দ জানান, মায়ের মৃত্যুর পর তার পায়ের নিচের মাটি যেন সরে গিয়েছিল। তীব্র মানসিক যন্ত্রণা সামলাতে না পেরে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন।

মাকে হারিয়ে তিনি শোকে এতটাই কাতর হয়ে গিয়েছিলেন যে, তিনি ভেবেছিলেন আত্মহত্যার পথ বেছে নিলেই হয়তো মায়ের দেখা পাবেন। সেই ভাবনার বশবর্তী হয়েই তিনি নর্মদার (নর্মদা ভারতের একটি প্রধান ও পবিত্র নদী) গভীর পানিতে নেমে পড়েছিলেন।

সেদিনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে গোবিন্দ বলেন, ‘প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। মনে হয়েছিল, আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে। নর্মদা নদীর কাছে এসে মনে হয়েছিল আরও খানিকটা গভীরে গেলেই হয়তো মায়ের দেখা পাব। তাই তখন নদীতে নেমে পড়েছিলাম।’

তবে সে যাত্রায় অলৌকিকভাবে বেঁচে যান এই তারকা। নদীপাড়ে থাকা এক পুরোহিতের সময়োপযোগী হস্তক্ষেপে পানি থেকে উঠে আসেন তিনি। পুরোহিত তাকে বোঝান, নিজের সন্তানদের জন্য হলেও তাকে বেঁচে থাকতে হবে।

সেই অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেতা বলেন, ‘নদী থেকে তুলে আমাকে ডেকে জানতে চেয়েছিলেন কী হয়েছে? তখন বুঝতে পেরেছিলাম আমি নিশ্চয়ই কিছু ভুল করেছি। সেখান থেকে শিক্ষা পেয়েছিলাম সন্তানদের জন্য আমাকে বাঁচতে হবে।’

অবশ্য আপাতদৃষ্টিতে বিষয়টিকে আত্মহত্যার চেষ্টা বলে মনে হলেও গোবিন্দ নিজে তা বিশ্বাস করেন না। তার দৃষ্টিকোণ থেকে, জীবন বারবার নতুনরূপে ফিরে আসে।

ওই কঠিন সময় কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তার প্রায় পনেরো দিন সময় লেগেছিল।