সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা রক্ষায় ঢাকা-দাম্মাম রুটের তিন দিনের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের নির্ধারিত ফ্লাইটগুলো বন্ধ থাকবে।
একই সাথে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঢাকা থেকে রিয়াদগামী রুটের সব ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও পরিবর্তিত যাত্রাসূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
তবে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী বিমানের ফ্লাইটগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বাভাবিকভাবেই চলাচল করবে।
বিমানের পক্ষ থেকে আরও জানানো হয়, জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।

