...|...|...

বিশ্ব

নিজ দেশে বিক্ষোভের মুখে আকস্মিক সৌদি সফরে ম্যাক্রোঁ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৫২
Shares
নিজ দেশে বিক্ষোভের মুখে আকস্মিক সৌদি সফরে ম্যাক্রোঁ

ছবি: সংগৃহীত

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে যখন তীব্র আন্দোলন চলছে, ঠিক সেই উত্তাল পরিস্থিতিতেই আকস্মিক সফরে সৌদি আরবে পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। চলতি মাসে সৌদি ভূখণ্ডে হুথি বিদ্রোহীদের হামলা জোরদার হওয়ার পর দেশটির রাজধানী রিয়াদ সফরকারী প্রথম কোনো পশ্চিমা নেতা হলেন তিনি।

ফরাসি বার্তা সংস্থা এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) বিকালে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকে মিলিত হন ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে হুথিদের লাগাতার হামলার মুখে সৌদির সার্বভৌমত্বের প্রতি সংহতি প্রকাশ এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে উৎস বহুমুখী করার লক্ষ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহে সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা নজিরবিহীন রূপ নিয়েছে। এই হামলার জেরে দেশটির প্রধান রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছে এবং একটি বড় বিনিয়োগ সম্মেলনও পেছাতে বাধ্য হয়েছে রিয়াদ।

পাশাপাশি লোহিত সাগরীয় ও উপকূলীয় বন্দরগুলোতে হুথিদের অবরোধের চেষ্টার ফলে বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি তেল রফতানিকারক দেশটির তেল রফতানি কার্যক্রমও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ভূ-রাজনীতির এই সংকটময় মুহূর্তে সৌদি অর্থনীতির ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে।

এদিকে, এমন এক সময়ে ম্যাক্রোঁ উপসাগরীয় এই সফরে গেলেন, যখন জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির জেরে ফ্রান্সে তীব্র গণবিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে থাকা ফরাসি প্রশাসনের জন্য জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং তেলের বাজার স্থিতিশীল করা এখন বড় চ্যালেঞ্জ।

এই বাস্তবতায় ডিজেল ও পেট্রলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং তেলের ওপর থেকে একক নির্ভরতা কমিয়ে উৎসের বহুমুখীকরণ করার বিষয়টিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট। সৌদি নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় জ্বালানি সহযোগিতা জোরদার করার মাধ্যমেই প্যারিস বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে।