...|...|...

সারাদেশ

নালিতাবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত, বিএনপির অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

নালিতাবড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, দুপুর ২:৪৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:৫১
Shares
নালিতাবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত, বিএনপির অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় স্থানীয় বিএনপির কোনো নেতাকর্মীকে অংশ নিতে দেখা যায়নি। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপির অনুপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠিত আলোচনা সভা এবং পরবর্তীতে এ বিষয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ হওয়া পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে উপজেলার অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মীকে অনুষ্ঠানে দেখা যায়নি।

এ প্রতিবেদক বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি না থাকা এবং প্রশাসনের সঙ্গে দলীয় সমন্বয়ের ঘাটতির কারণে অনেক সময় সরকারি কর্মসূচিতে অংশগ্রহণে জটিলতা তৈরি হয়।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন বলেন, আমি অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়েছিলাম। কিন্তু ব্যক্তিগত কাজে শেরপুরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি।

পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আনোয়ার হোসেন (ভিপি) বলেন, দীর্ঘদিন ধরেই আমি এ ধরনের অনুষ্ঠানে অংশ নিই না। দলীয় কমিটি না থাকা এবং স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে প্রশাসনের সঙ্গে আমাদের কার্যকর সমন্বয় না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি নিজের রাজনৈতিক মর্যাদা বজায় রেখেই রাজনীতি করে যাচ্ছি।

বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রায়হান বলেন, আজ জুলাই শহীদ দিবস উপলক্ষে নালিতাবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে-এ বিষয়ে আমি অবগত ছিলাম না। আমাকে কেউ আমন্ত্রণও জানায়নি। দলীয় কমিটি না থাকায় মাঝেমধ্যে এমন সমন্বয়হীনতা তৈরি হচ্ছে, যা আমাদের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছে।

এ বিষয়ে জানতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক-এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরে বিস্তারিত জানাবেন বলে ফোন কেটে দিলেও পরবর্তীতে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এমন একটি রাষ্ট্রীয় গুরুত্বসম্পন্ন কর্মসূচিতে প্রধান রাজনৈতিক দল বিএনপির অনুপস্থিতি স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে বিএনপি নেতাদের দাবি, বিষয়টি রাজনৈতিক অনীহার কারণে নয়; বরং সাংগঠনিক ও সমন্বয়জনিত সমস্যার ফল।