...|...|...

জাতীয়

নারীদের যাতায়াতে আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৪২ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫৩
Shares
নারীদের যাতায়াতে আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ

নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাতায়াতের সুবিধার্থে দেশে চলমান পিংক বাসের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করছে। এসব বাসের সংখ্যা অপ্রতুল হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে আরও ১০০টি বাস চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভাগ ও দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়। একই সঙ্গে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেগুলো সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন যেসব সড়ক প্রকল্প গ্রহণ করা হচ্ছে, সেগুলোতে প্রয়োজন অনুযায়ী সোজা বা ‘স্ট্রেইট লাইন’ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বৈঠকে যোগ দেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, মন্ত্রণালয় ও অধীনস্থ বিভাগ-দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।