...|...|...

ধর্ম

নারীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলা উইং চালু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, রাত ১১:৩১
Shares
নারীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলা উইং চালু

ছবি: সংগৃহীত

মুসলিম নারীদের দ্বীনি জ্ঞান অর্জন, দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ এবং নেতৃত্বের সক্ষমতা বাড়াতে মহিলা উইং চালু করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ‘দাওয়াতুস সুন্নাহ মহিলা উইং’ নামে এ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ-বিদেশের নারীদের কোরআন শিক্ষা, আরবি ভাষা ও মৌলিক দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি তাদের দাওয়াতি কাজে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলাদের জন্য আয়োজিত বিশেষ দাওয়াহ কর্মশালায় এ উদ্যোগের কথা জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মুসলিম নারীদের দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল। এরই অংশ হিসেবে মহিলা উইংয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

শায়খ আহমাদুল্লাহ জানান, আগ্রহী নারীদের নিবন্ধনের পর মূল্যায়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ শেষে তারা অনলাইন ও সরাসরি বিভিন্ন মাধ্যমে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন। এ জন্য অভিজ্ঞ আলেম ও প্রশিক্ষকদের সহযোগিতায় ধারাবাহিক জ্ঞানচর্চার সুযোগ তৈরি করা হবে।

কর্মশালায় তিনি আরও জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অন্তত ৫০ লাখ মানুষের কাছে কোরআন-হাদিসের জ্ঞান পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ উদ্দেশ্যে অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির কাজও চলছে।

দাওয়াতি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আটটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান। বিষয়গুলো হলো-ইখলাস বা একনিষ্ঠতা, নিজের জ্ঞানের সীমার মধ্যে থাকা, উম্মাহর ঐক্য বজায় রাখা, দায়িত্বশীলদের প্রতি আনুগত্য, ধারাবাহিকভাবে জ্ঞান অর্জন এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো।

একই সাথে দ্বীনি কার্যক্রমে নারীদের এগিয়ে আসার ক্ষেত্রে পরিবারের সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি। এ কাজে নিজেদের সময় ও শ্রম ব্যয়ের মানসিকতা গড়ে তোলার জন্যও নারীদের প্রতি আহ্বান জানান শায়খ আহমাদুল্লাহ।