টেলিভিশন, ওটিটি ও প্রেক্ষাগৃহে দাপট দেখিয়ে এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ে নিজের অবস্থান পোক্ত করার পর এবার প্রযোজনায় নামতে যাচ্ছেন তিনি।
গত শনিবার (১১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে একটি ছবি সমেত পোস্ট দিয়ে ফারিণ লেখেন, “আমি যদি প্রোডাকশন হাউস খুলি, তাহলে সেটার নাম কী দেওয়া উচিত?”
পোস্টটি প্রকাশের পর মন্তব্য ঘরে ভক্তরা নানা নামের প্রস্তাব দেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, “অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা। ধন্যবাদ।”
এর পরদিন গণমাধ্যমে ফারিণ জানান, নিজের ভাবনা ও সৃজনশীল ধারণাগুলো বাস্তবে রূপ দিতে একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা করছেন তিনি।
তার ভাষায়, “ভাবছি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার, যেখানে নিজের চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারব।”
অভিনেত্রী আরও জানান, চলতি বছরের শেষ দিকে তার গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করবে তার প্রযোজনা প্রতিষ্ঠানটি। গানটির সুর ও সংগীত করেছেন গায়ক ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল, যিনি আগেও ফারিণের সঙ্গে কাজ করেছেন।
তবে আপাতত মিউজিক ভিডিও দিয়েই নিজের প্রযোজনা শুরু করতে চান ফারিণ; নিয়মিত কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
সাম্প্রতিক সময়ে অভিনয়ে কিছুটা বিরতি নিয়েছেন তাসনিয়া ফারিণ। গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার পর নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি।

