পিরোজপুরের জিয়ানগরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে অটোরিকশার ধাক্কায় আশরাফুল (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ঘোষেরহাট মোল্লাবাড়ির সামনে আউরাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল উপজেলার সেউতি বাড়িয়া এলাকার রাজীবের ছেলে। রাজীব জীবিকার তাগিদে খুলনার একটি ইটভাটায় কাজ করেন।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, আশরাফুল জিয়ানগর উপজেলার ঘোষেরহাট মোল্লাবাড়ি নামক স্থানে তার নানাবাড়িতে বেড়াতে যান। আজ দুপুরে বাড়ির পাশের সড়কে ফুটবল খেলা শেষে বাড়িতে ফেরার সময় রাস্তায় উঠতেই পেছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।
এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত আশরাফুলকে প্রথমে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে জেলা হাসপাতালে আসার পূর্বে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
স্বজনরা জানান, দুই বছর আগে আশরাফুলের বোন খালে পড়ে মারা যায়। দুই বছরের ব্যবধানে আরেক সন্তানকে হারিয়ে পরিবারটি শোকে স্তব্ধ হয়ে পড়েছে।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) নিজাম উদ্দিন জানান, দুর্ঘটনার পর আশরাফুলকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহব্বত খান বলেন, দুর্ঘটনার পর আশরাফুলকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অটোরিকশা ও চালককে থানায় আটক রাখা হয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


