...|...|...

খেলা

এশিয়া কাপ রাইজিং স্টার্স

দিপুর সেঞ্চুরিও বাঁচাতে পারল না বাংলাদেশকে, ফাইনালে পাকিস্তান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, রাত ৩:৪০
Shares
দিপুর সেঞ্চুরিও বাঁচাতে পারল না বাংলাদেশকে, ফাইনালে পাকিস্তান

ছবি: সংগৃহীত

শুরুতেই ব্যাটিং বিপর্যয়। সতীর্থদের একের পর এক বিদায়ের মধ্যেও একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিলেন শাহাদাত হোসেন দিপু। তবে তার এই লড়াই শেষ পর্যন্ত বাংলাদেশকে ফাইনালে নিতে পারল না। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান শাহীনস।

শুক্রবার (২৭ নভেম্বর) দোহায় টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১৪ রানে বিদায় নেন অধিনায়ক সাইফ হাসান। স্কোরবোর্ডে আরও এক রান যোগ হতেই ফিরে যান মাহমুদুল হাসান জয়। মাত্র ১৫ রানে দুই উইকেট হারিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে ইনিংস মেরামতের দায়িত্ব নেন মাহিদুল ইসলাম অংকন ও শাহাদাত হোসেন দিপু। উইকেট ধরে রেখে ধীরে ধীরে এগিয়ে নিতে থাকেন দলকে। পাওয়ারপ্লেতে ৩১ রান তোলা বাংলাদেশ দলীয় অর্ধশতকের দেখা পায় ১৪.১ ওভারে।

ব্যক্তিগত ৪২ রানে অংকনের বিদায়ে ভাঙে প্রতিরোধের জুটি। এরপর মেহরুব খান ২৮ রান করে কিছুটা আশা জাগালেও ইনিংস বড় করতে পারেননি।

তবে একপ্রান্তে অবিচল ছিলেন দিপু। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও নিজের ব্যাটিংয়ের ছন্দ ধরে রাখেন তিনি। ১১৮ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। শেষ দিকে রিপন মন্ডলের ১৯ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন সুফিয়ান মুকিম।

২৩৩ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তানকেও শুরুতে চাপে ফেলে বাংলাদেশ। রিপন মন্ডলের এক ওভারেই সাজঘরে ফেরেন দুই ওপেনার। তাতে জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে বাংলাদেশ।

তবে সেই সম্ভাবনা ধীরে ধীরে ফিকে করে দেন হাসান নওয়াজ ও শাহজাইব খান। তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন এই দুই ব্যাটার।

হাসান নওয়াজ ৬২ ও শাহজাইব খান ৫০ রান করে ফিরলেও জয়ের পথ থেকে বিচ্যুত হয়নি পাকিস্তান। শেষ দিকে ফারহান ও আব্দুল সামাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাঁচ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান শাহীনস।

ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল থাকলেও দিপুকে মাঠ ছাড়তে হলো দলীয় পরাজয়ের হতাশা নিয়ে। সেমিফাইনালেই থেমে গেল বাংলাদেশের শিরোপার স্বপ্ন।