...|...|...

বিশেষ প্রতিবেদন

ট্রেড লাইসেন্স

দিনের লাইসেন্স দিনে পাওয়ার স্বপ্ন কত দূর?

নাজমুল হাসান রাজ
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৪
Shares
দিনের লাইসেন্স দিনে পাওয়ার স্বপ্ন কত দূর?

ছবি: এআই জেনারেটেড

রাজধানী ঢাকাসহ সারাদেশের অলিগলিতে কিংবা ব্যস্ত বাণিজ্যিক মার্কেটে নতুন স্বপ্ন নিয়ে দোকান বা উদ্যোগের ভাবতে গেলে নতুন ভাবনায় পড়তে হয় উদ্যোক্তাদের। প্রথম ধাক্কাটি আসে ট্রেড লাইসেন্স নামের কাগজটির দেখা পেতে। স্মার্ট যুগে ঘরে বসে অনলাইন আবেদন করা গেলেও মাঠের বাস্তবতা ভিন্ন। ডেস্কে ফাইল চালাচালি, অদৃশ্য টেবিলে আটকে থাকা অনুমোদন আমলাতান্ত্রিক জটিলতায় লাইসেন্স পেতে পেরিয়ে যাচ্ছে সপ্তাহ থেকে মাস। সময়ের অপচয়ই নয়, এর সাথে যুক্ত হচ্ছে বাড়তি আর্থিক বোঝা। সিটি করপোরেশনের মূল ফির সঙ্গে সাইনবোর্ড ফি, ভ্যাটসহ নানা রকম ট্যাক্সের মারপ্যাচে ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তারা। ব্যবসা শুরুর আগেই দিশাহারা।

ঢাকার দুই সিটি করপোরেশনে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে অনলাইন আবেদনের ব্যবস্থা রয়েছে। ব্যবসায়ীরা আবেদন করার পরও সনদ পেতে দেরি হচ্ছে। কারও কারও ক্ষেত্রে ফি জমা দেওয়ার পর মাস পেরিয়ে গেলেও লাইসেন্স পাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বলছে, সংস্থাটির আওতায় ২৯৪টি ব্যবসায়িক শ্রেণিতে প্রায় আড়াই লাখেরও বেশি ট্রেড লাইসেন্স ইস্যু রয়েছে। যে খাত থেকে কোটি টাকা রাজস্ব আসে বলেও জানান সংশ্লিষ্টরা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনেও ডিএনসিসি অনলাইনে আবেদন ও ফি জমার ব্যবস্থা থাকলেও উদ্যোক্তাদের অভিযোগ, জটিল কাগজপত্র, বারবার সংশোধন এবং একাধিক ডেস্কে ফাইল যাওয়ার কারণে প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে। একাধিক বছরের জন্য নবায়নের সুযোগ থাকলেও তা নেওয়ার প্রক্রিয়াও সহজ হয়নি। তবে, দিনের লাইসেন্স দিনে দেওয়ার ঘোষণার মাঠপর্যায়ে পরিবর্তন হলো কতটা?

তথ্য বলছে, ট্রেড লাইসেন্সে সিটি করপোরেশন, রাজস্ব কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে আলাদা তথ্য বা অনুমোদন লাগে। সকল সেবা একটি পোর্টালে না আসায়, নির্দিষ্ট সময়সীমা না থাকায় উদ্যোক্তাদের ভোগান্তি রয়েই যাচ্ছে। একইসাথে ট্রেড লাইসেন্সের মূল ফির পাশাপাশি সাইনবোর্ড ফি, জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর ভ্যাট-ট্যাক্স যুক্ত। এতে ছোট দোকান, রেস্টুরেন্ট, অনলাইন ব্যবসা বা নতুন উদ্যোগের শুরুর খরচ বাড়ছে দিনদিন। দায়িত্বরত বলছেন, আগের ভোগান্তি থেকে অনেকাংশ কমেছে। এখন লাইসেন্স কার্যদিবসেই দেওয়া হয়।

প্রতিবেশী রাষ্ট্রের সাথে ব্যবধান; আমরা কোথায় দাঁড়িয়ে?

ব্যবসা শুরুর প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া আমাদের চেয়ে এশিয়ার অন্য দেশগুলোতে কতটা গতিশীল ও সহজ, তার একটি তুলনামূলক চিত্র। দেশের লাইসেন্স নিয়ে নানা সময়ে ভোগান্তির কথা উঠলেও এশিয়ার কয়েকটি দেশে ব্যবসা নিবন্ধন বা লাইসেন্স পাওয়া প্রক্রিয়া তুলনামূলক সহজ। যেমন চীনের বেইজিংয়ে স্থানীয় নাগরিকরা কাগজপত্র ঠিক থাকলে এক থেকে সর্বোচ্চ তিন কর্মদিবসে ব্যবসার নিবন্ধন পেতে পারেন। সরকারি ফি নেই। ভুটানে সর্বোচ্চ তিন কর্মদিবসে এবং নেপালে তিন থেকে সাত কর্মদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন হয়। পাকিস্তানে ব্যক্তি-মালিকানা ব্যবসায় এনটিএন নিবন্ধন বিনামূল্যে করা যায়।

বিশ্বব্যাংকের বিজনেস রেডি সূচকে ৫০টি দেশের মধ্যে ২৯তম বাংলাদেশ। নেপালের চেয়ে পিছিয়ে। পাকিস্তানের চেয়ে এগিয়ে। দেশটির অবস্থান ৩৭তম। এ সূচকে বাংলাদেশের নিয়ন্ত্রক কাঠামো, জনসেবা ও পরিচালন দক্ষতা তিন ক্ষেত্রেই নেপালের চেয়ে কম স্কোর। বিশেষ করে জনসেবার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দুর্বল। এর অর্থ, সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়া এখনও সহজ, দ্রুত ও স্বচ্ছ হয়ে ওঠেনি।

ট্রেড লাইসেন্স কেবল একটি কাগজ নয়। এটি ছাড়া ব্যাংক ঋণ, ভ্যাট নিবন্ধন, সরকারি সুবিধা বা বৈধ ব্যবসায়িক কার্যক্রম শুরু করা কঠিন। লাইসেন্স দেরিতে পেলে ব্যবসা চালু হতে দেরি হয়, পুঁজি অলস বসে থাকে এবং পরিকল্পনা ঝুঁকিতে পড়ে বলছেন উদ্যোক্তারা। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তারা দফতরঘুরে সময় ও অতিরিক্ত খরচ বহন করতে পারেন না। ফলে অনেকে ব্যবসা শুরু না করেই থেমে যাচ্ছেন, আবার কেউ অনানুষ্ঠানিক পথে ব্যবসা চালাচ্ছেন। এতে কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব আদায় দুটিই বাধাগ্রস্ত হচ্ছে।

ট্রেড লাইসেন্স পাওয়ার ঝামেলা কমাতে দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় একটি অনলাইন ব্যবস্থা চালুর কথা বলছেন সংশ্লিষ্টরা। এই ব্যবস্থায় ব্যবসায়ীরা ঘরে বসেই লাইসেন্সের আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র জমা, ফি পরিশোধ ও লাইসেন্স ডাউনলোড করতে পারবেন। সাধারণ ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা রাখারও প্রস্তাব করা হয়েছে।

পাশাপাশি ট্রেড লাইসেন্স করতে কত টাকা লাগবে, সাইনবোর্ড ফি, ভ্যাট ও ট্যাক্সসহ সব খরচ আগে থেকেই জানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। একসাথে কয়েক বছরের জন্য লাইসেন্স নবায়ন এবং মেয়াদ শেষ হওয়ার আগে মোবাইলে বা অনলাইনে জানিয়ে দেওয়ার ব্যবস্থাও রাখার প্রস্তাব রয়েছে।

এ ছাড়া আবেদন করার পর সেটি কোন অবস্থায় আছে, তা জানার জন্য ট্র্যাকিং নম্বর দেওয়ার কথা বলা হয়েছে। দালালের দৌরাত্ম্য ও দুর্নীতি কমাতে ডিজিটাল রসিদ এবং অভিযোগ জানানোর ব্যবস্থা চালুর ওপরও জোর দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবেশী অনেক দেশে ব্যবসার নিবন্ধন দ্রুত করা যায়। বাংলাদেশেও সেই ব্যবস্থা চালু করতে হবে। ‘দিনের লাইসেন্স দিনেই পাবেন’-এমন কথা শুধু মুখে বললে হবে না, ব্যবসায়ীরা যেন সত্যিই দ্রুত ও সহজে লাইসেন্স পান, তা নিশ্চিত করতে হবে।

দেশভেদে ট্রেড লাইসেন্স ও ব্যবসা নিবন্ধনের খরচ

ব্যবসার লাইসেন্স ও নিবন্ধনের সময় এবং খরচ দেশভেদে আলাদা। চীনে সাধারণত এক থেকে তিন কর্মদিবসের মধ্যে ব্যবসা নিবন্ধন করা যায়। স্থানীয়দের জন্য সরকারি নিবন্ধন ফিও অনেক ক্ষেত্রে নেই বললেই চলে। ভুটানে সর্বোচ্চ তিন কর্মদিবস এবং নেপালে তিন থেকে সাত কর্মদিবস সময় লাগে। এই দুই দেশে নিবন্ধনের খরচও তুলনামূলক কম।

অন্যদিকে, পাকিস্তানে অনলাইনে ব্যবসা নিবন্ধনের সুযোগ থাকায় প্রক্রিয়াটি তুলনামূলক দ্রুত। দেশটিতে ব্যক্তি মালিকানাধীন ব্যবসার জন্য এনটিএন নিবন্ধন বিনামূল্যে করা যায়।

তবে বাংলাদেশে ট্রেড লাইসেন্স পেতে অনেক সময় কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত লেগে যায়। লাইসেন্সের মূল ফির পাশাপাশি সাইনবোর্ড ফি, ভ্যাট ও অন্যান্য করও দিতে হয়।