...|...|...

বিশ্ব

দক্ষিণ কোরিয়ার তরুণদের মধ্যে বাড়ছে ইসলামের প্রতি আগ্রহ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৬
Shares
দক্ষিণ কোরিয়ার তরুণদের মধ্যে বাড়ছে ইসলামের প্রতি আগ্রহ

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মের প্রতি তরুণদের আগ্রহ বাড়ছে। দেশটিতে জন্ম ও বেড়ে ওঠা প্রায় ৪৫ হাজার জাতিগত কোরীয় নাগরিক ইসলাম গ্রহণ করেছেন। রাজধানী সিউলের একটি মসজিদে প্রতি মাসে ইসলাম সম্পর্কে জানতে ও ধর্মটি গ্রহণ করতে পাঁচ থেকে ২৫ জন পর্যন্ত নতুন আগ্রহী আসছেন।

গত ১২ অক্টোবর প্রকাশিত দ্য কোরিয়া টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিউলের ইতাওন এলাকায় অবস্থিত সিউল সেন্ট্রাল মসজিদে প্রতি মাসে নতুন আগ্রহীদের ইসলামের মৌলিক বিষয় শেখানো হয়। তাদের অধিকাংশই পুরুষ। প্রশিক্ষণ শেষে আগ্রহীরা চাইলে শাহাদাহ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করতে পারেন।

২০১৪ সালে ইসলাম গ্রহণ করা ৩০ বছর বয়সী কোরীয় নাগরিক ইউসুফের মতে, দেশটির প্রতিযোগিতামূলক প্রেম ও বিয়ের সংস্কৃতিতে হতাশ হয়ে কিছু পুরুষ ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছেন। তাদের কেউ কেউ বিয়ের ক্ষেত্রে তুলনামূলক সহজ পথ খুঁজছেন।

তবে নারীদের ইসলাম গ্রহণের ক্ষেত্রে বিয়ে প্রধান কারণ নয়। প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া কয়েকজন নারী এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইসলামের সরলতার কথা বলেছেন। আরিয়াম নামের এক নারী জানান, বড়দের প্রতি শ্রদ্ধার যে শিক্ষা ইসলামে রয়েছে, তা কোরীয় সংস্কৃতির সাথেও মেলে। এ কারণে পরিবারের কাছে নিজের ধর্ম পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা করা তার জন্য তুলনামূলক সহজ হয়েছে।

দ্য কোরিয়া টাইমস জানিয়েছে, সিউল সেন্ট্রাল মসজিদে ইসলাম সম্পর্কে জানতে আসা কোরীয়দের বড় একটি অংশের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। প্রচলিত সামাজিক প্রত্যাশা ও জীবনযাপনে অসন্তুষ্ট কিছু তরুণ বিকল্প পথ খুঁজছেন, আর তাদের কাছে ইসলাম সেই বিকল্পগুলোর একটি।

কোরিয়ায় ইসলামের ইতিহাসও পুরোনো। প্রাচীন সিলা রাজবংশের সময় মুসলিম বণিকেরা সেখানে যাতায়াত করতেন। পরবর্তী বিভিন্ন রাজবংশের সময়ও মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি ছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে বিভিন্ন সময়ে তাদের বসবাস ও ধর্মচর্চা বাধাগ্রস্ত হয়েছে।

আধুনিক দক্ষিণ কোরিয়ায় স্থানীয়দের ইসলাম গ্রহণের ক্ষেত্রে কোরীয় যুদ্ধের সময় তুরস্কের মুসলিম সেনাদের ভূমিকার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের সংস্পর্শ ও সহায়তায় প্রথম ২৫০ জন স্থানীয় কোরীয় ইসলাম গ্রহণ করেছিলেন বলে জানানো হয়।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও কোরীয় মুসলিমদের উপস্থিতি বেড়েছে। বিভিন্ন মুসলিম ইনফ্লুয়েন্সার নিজেদের জীবনযাপন, ধর্মীয় অভিজ্ঞতা ও সংস্কৃতি নিয়ে ভিডিও তৈরি করছেন। কেউ কেউ হিজাবের সঙ্গে ঐতিহ্যবাহী কোরীয় পোশাক হানবক মিলিয়ে নতুন ধরনের ফ্যাশনও তুলে ধরছেন। এতে তরুণদের মধ্যে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ বাড়ছে।

ইসলাম গ্রহণের পর কেউ কেউ সামাজিক বৈষম্য বা বিচ্ছিন্নতার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তবে নতুন মুসলিম সম্প্রদায়ের মধ্যে তারা আপনজন খুঁজে পেয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরিয়াম বলেন, সারা জীবন কোরিয়ায় থেকেও প্রথমবার সিউলের মসজিদে গিয়ে তার মনে হয়েছিল, অবশেষে তিনি নিজের ঘরে ফিরেছেন।