...|...|...

ধর্ম

ইসলামে যে ৪ ধরনের আকাঙ্ক্ষা থেকে বিরত থাকতে বলা হয়েছে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৮
Shares
ইসলামে যে ৪ ধরনের আকাঙ্ক্ষা থেকে বিরত থাকতে বলা হয়েছে

ছবি: সংগৃহীত

মুমিনের জীবন কেবল আশা, স্বপ্ন কিংবা কল্পনার ওপর নির্ভর করে না। বরং ঈমান, সৎকর্ম, পরিশ্রম, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার মাধ্যমে তার জীবন পরিচালিত হয়। যে আকাঙ্ক্ষার সাথে বাস্তব কোনো প্রচেষ্টা বা কর্মের সম্পর্ক নেই, তা মানুষকে অলস ও কল্পনাপ্রবণ করে তোলে। তাই ইসলাম ভিত্তিহীন ও অবাস্তব আকাঙ্ক্ষায় সময় নষ্ট না করে সৎকর্মের মাধ্যমে লক্ষ্য অর্জনের শিক্ষা দিয়েছে।

ইসলামি চিন্তাবিদ ও আলেমরা কোরআন-হাদিসের আলোকে এ ধরনের আকাঙ্ক্ষা থেকে সতর্ক করেছেন। ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) তার ‘মাদারিজুস সালিকিন’ গ্রন্থে বলেছেন, ‘মুমিনের জীবন শুধু আশা-আকাঙ্ক্ষা ও কল্পনার ওপর প্রতিষ্ঠিত নয়; বরং তার জীবন গড়ে ওঠে ঈমান, সৎকর্ম, পরিশ্রম, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার মাধ্যমে। অবাস্তব ও ভিত্তিহীন আকাঙ্ক্ষা হলো নিঃস্ব ও নিঃসম্বল মানুষের মূলধন। এসব আকাঙ্ক্ষার মাধ্যমে তারা নিজেদের সময় অতিবাহিত করে এবং এগুলো উপভোগ করেই জীবন কাটিয়ে দেয়।’ (মাদারিজুস সালিকিন, ৩/৪৯৪)

কল্পনানির্ভর আকাঙ্ক্ষা থেকে সতর্কতা

ইসলাম এমন আকাঙ্ক্ষাকে নিরুৎসাহিত করেছে, যার পেছনে কোনো কাজ, চেষ্টা কিংবা সাধনা নেই। শুধু স্বপ্ন দেখলেই কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। বরং মানুষের কর্মই তার দাবির সত্যতা প্রমাণ করে।

আল্লাহ তাআলা বলেন, ‘বিষয়টি তোমাদের আকাঙ্ক্ষা অনুযায়ীও নয় এবং আহলে কিতাবের আকাঙ্ক্ষা অনুযায়ীও নয়। যে মন্দ কাজ করবে, তাকে তার প্রতিফল দেওয়া হবে।’ (সুরা আন-নিসা, আয়াত : ১২৩)

এই আয়াতের ব্যাখ্যায় শায়খ ইবনু সাদি (রহ.) বলেন, ‘আকাঙ্ক্ষা হলো এমন কিছু মনের কল্পনা, যার সাথে কোনো আমল বা কাজের সম্পর্ক নেই। কারণ, আমলই দাবির সত্যতা প্রমাণ করে অথবা তা মিথ্যা বলে প্রতিপন্ন করে।’ (তাইসিরুল কারিমির রহমান ফি তাফসিরি কালামিল মান্নান, ইবনু সাদি, পৃষ্ঠা ২০৫)

ইসলামের পূর্ববর্তী মনীষীরাও ভিত্তিহীন আকাঙ্ক্ষা থেকে মানুষকে সতর্ক করেছেন। কারণ, এ ধরনের চিন্তা মানুষের দৃঢ় সংকল্প ও কর্মস্পৃহা কমিয়ে দেয়। ফলে মানুষ বাস্তবে কোনো উদ্যোগ না নিয়ে কল্পনার জগতেই নিজের সময় কাটাতে অভ্যস্ত হয়ে পড়ে।

ইসলামে যেসব আকাঙ্ক্ষা নিষিদ্ধ

১. বিপদে পড়ে মৃত্যু কামনা করা

জীবনের কোনো বিপদ, দুঃখ কিংবা কষ্টের কারণে মৃত্যু কামনা করা থেকে রাসুলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তোমাদের কেউ যেন তার ওপর আপতিত কোনো বিপদ বা কষ্টের কারণে মৃত্যু কামনা না করে। যদি একান্তই কিছু বলতে হয়, তাহলে সে যেন বলে-হে আল্লাহ! যতদিন আমার জন্য জীবিত থাকা কল্যাণকর, ততদিন আমাকে জীবিত রাখুন। আর যখন আমার জন্য মৃত্যু কল্যাণকর হবে, তখন আমাকে মৃত্যু দান করুন।’ (বুখারি, হাদিস : ৬৩৫১)

ইমাম ইবনে কাসির (রহ.) এ নিষেধাজ্ঞার ব্যাখ্যায় বলেন, ব্যক্তিগত বিপদ বা কষ্টের কারণে মৃত্যু কামনা করা নিষিদ্ধ। তবে দ্বিনের ক্ষেত্রে ফিতনা বা বিপর্যয়ের আশঙ্কা তৈরি হলে সে ক্ষেত্রে মৃত্যু কামনা করা বৈধ। (তাফসিরুল কোরআনিল আজিম, ইবনু কাসির, ৪/৪১৬)

২. শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা করা

শত্রুর সাথে যুদ্ধ বা সংঘাতে জড়ানোর আগ্রহ প্রকাশ না করে আল্লাহর কাছে নিরাপত্তা ও সুস্থতা চাওয়ার শিক্ষা দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)। তিনি বলেন, ‘হে লোকসকল! তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা করো না; বরং আল্লাহর কাছে নিরাপত্তা ও সুস্থতা কামনা করো। আর যখন তাদের মুখোমুখি হবে, তখন ধৈর্য ধারণ করো।’ (বুখারি, হাদিস : ২৯৬৫)

৩. পাপ ও অশ্লীল কাজের আকাঙ্ক্ষা করা

শুধু বাস্তবে পাপ করা নয়, অন্তরে হারাম কাজের আকাঙ্ক্ষা পোষণ করাও নিন্দনীয়। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘চোখও জিনা (ব্যভিচার) করে, অন্তরও জিনা করে। চোখের জিনা হলো (হারাম বস্তুর প্রতি) দৃষ্টিপাত করা। আর অন্তরের জিনা হলো (হারাম কাজের) আকাঙ্ক্ষা করা। অতঃপর লজ্জাস্থান সেটিকে বাস্তবে রূপ দিয়ে সত্য প্রমাণ করে অথবা তা থেকে বিরত থেকে মিথ্যা প্রমাণ করে।’ (বুখারি, হাদিস : ৬২৪৩)

অর্থাৎ মানুষের অন্তরে যখন পাপ ও অশ্লীল কাজের আকাঙ্ক্ষা তৈরি হয়, রাসুলুল্লাহ (সা.) সেটিকে অন্তরের জিনা হিসেবে উল্লেখ করেছেন। তাই মুমিনের উচিত নিজের চিন্তা ও আকাঙ্ক্ষাকে পবিত্র রাখা এবং হারাম কাজের ইচ্ছা থেকে দূরে থাকা।

৪. অন্যের নিয়ামত নিজের জন্য কামনা করা

আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে নিয়ামত ও মর্যাদা দান করেছেন। কারও সম্পদ, যোগ্যতা কিংবা বিশেষ সুবিধা দেখে তা নিজের জন্য কামনা করা থেকে সতর্ক করা হয়েছে পবিত্র কোরআনে।

আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা এমন বিষয়ে আকাঙ্ক্ষা করো না, যার মাধ্যমে আল্লাহ তোমাদের কাউকে কারো ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।’ (সুরা আন-নিসা, আয়াত : ৩২)

এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে আশুর (রহ.) বলেন, ‘বিভিন্ন নামে সম্পদ ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে যে বিপ্লব ও প্রচারণার সৃষ্টি হয়েছে, তার পেছনে অন্যতম কারণ হলো, আল্লাহ যেসব নিয়ামত ও শ্রেষ্ঠত্ব এক শ্রেণির মানুষকে অন্য শ্রেণির ওপর দান করেছেন, সেগুলো নিজের জন্য কামনা করা।’ (আত-তাহরির ওয়াত-তানভির, ইবনু আশুর, ৫/৩১)

শেষ কথা

মানুষের জীবনে আশা ও আকাঙ্ক্ষা থাকা স্বাভাবিক। তবে সেই আকাঙ্ক্ষা হতে হবে বৈধ, বাস্তবসম্মত ও কল্যাণকর। শুধু কল্পনার মধ্যে সীমাবদ্ধ না থেকে লক্ষ্য অর্জনে পরিশ্রম করতে হবে। অন্যের নিয়ামতের প্রতি লোভ, পাপের আকাঙ্ক্ষা কিংবা বিপদের মুখে হতাশ হয়ে মৃত্যু কামনা করা থেকে বিরত থাকতে হবে। একজন মুমিনের উচিত আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ও আন্তরিকতার সাথে সৎকর্ম করে যাওয়া।