পার্থিব জীবনে অর্থ, সম্পদ ও সাফল্যের পেছনে ছুটে চলেন মানুষ। তবে একজন মুমিনের কাছে দুনিয়ার সব প্রাপ্তির চেয়েও গুরুত্বপূর্ণ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর সেই সন্তুষ্টি লাভের অন্যতম প্রধান মাধ্যম নামাজ। ইসলামে নামাজের গুরুত্ব ও মর্যাদা অপরিসীম। বিশেষ করে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় এবং ফজরের দুই রাকাত সুন্নত নামাজের ফজিলত সম্পর্কে হাদিসে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে।
নামাজ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ
ঈমানের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি হলো নামাজ। কেয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কেয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম তার নামাজের হিসাব নেওয়া হবে। (তিরমিজি, হাদিস ৪১৩)
জামাতে নামাজে ২৭ গুণ বেশি সওয়াব
একাকী নামাজ আদায়ের তুলনায় জামাতে নামাজ আদায়ের সওয়াব অনেক বেশি। হাদিসে এসেছে, জামাতে আদায় করা নামাজ একাকী নামাজের চেয়ে ২৭ গুণ বেশি মর্যাদাপূর্ণ। (সহিহ বুখারি, হাদিস ৬৪৫)
জুমার নামাজ অবহেলা নয়
মুসলমানদের জন্য জুমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনা কারণে ধারাবাহিকভাবে জুমার নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে হাদিসে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি অবহেলাবশত পরপর তিনটি জুমা ছেড়ে দেয়, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন। (তিরমিজি, হাদিস ৫০০)
সিজদায় পাওয়া যায় আল্লাহর নৈকট্য
নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সিজদা। এ সময় বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে। তাই সিজদায় বেশি বেশি দোয়া করার কথা হাদিসে বলা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘সিজদা করো এবং তার নৈকট্য লাভ করো। (সুরা আলাক, আয়াত ১৯)
দুনিয়ার সব সম্পদের চেয়েও উত্তম ফজরের দুই রাকাত
নামাজের বিশেষ ফজিলতের মধ্যে রয়েছে ফজরের দুই রাকাত সুন্নত। দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে, তার চেয়েও এই দুই রাকাত সুন্নত নামাজকে উত্তম বলে ঘোষণা করেছেন রাসুলুল্লাহ (সা.)। তিনি বলেছেন, ফজরের দুই রাকাত (সুন্নত) দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে, সবকিছুর চেয়ে উত্তম। (সহিহ মুসলিম, হাদিস ৭২৫)
এ ছাড়া ফজর ও ইশার নামাজ জামাতে আদায়ের প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, মানুষ যদি এই দুই নামাজের জামাতে অংশ নেওয়ার ফজিলত জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তাতে উপস্থিত হতো।


