...|...|...

বিশ্ব

তেহরানের পরমাণু নীতি বদলে চীন-রাশিয়ার অবস্থান কী, জানাল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, রাত ৯:০৫ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬, রাত ৯:০৮
Shares
তেহরানের পরমাণু নীতি বদলে চীন-রাশিয়ার অবস্থান কী, জানাল ইরান

ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধিতা করছে দেশটির কৌশলগত মিত্র চীন ও রাশিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ কথা জানিয়েছেন। সংবাদমাধ্যম  গালফ নিউজ জানায়, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে শনিবার (২১ নভেম্বর) এ তথ্য প্রকাশিত হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদপত্র ‘ইরান ডেইলি’কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, পরমাণু নীতি পরিবর্তনের বিষয়টি বিস্তৃত ও গুরুত্বপূর্ণ। এ নিয়ে ইরানের অভ্যন্তরে সমর্থক ও বিরোধী—দুই পক্ষই রয়েছে। চীন ও রাশিয়াও এ নীতি পরিবর্তনের বিপক্ষে।

তিনি বলেন, এখন পর্যন্ত ইরানের পরমাণু নীতিতে কোনো পরিবর্তন আসেনি। এ বিষয়ে দেশটির সরকারি অবস্থানও আগের মতোই রয়েছে। ইরানের সঙ্গে চীন ও রাশিয়ার কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের পর ইরানের রাজনৈতিক মহলে পরমাণু নীতি পরিবর্তনের বিতর্ক নতুন করে সামনে এসেছে। ওই সংঘাতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালানো হয়। বিশেষ করে দেশটির কট্টরপন্থীদের একটি অংশ মনে করছে, পরমাণু নীতি পরিবর্তন করে পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুললে তা শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে।

এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দিচ্ছে না তেহরান। দেশটির অভিযোগ, পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে সংস্থাটি।

গত সপ্তাহে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ ইরানকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পরিদর্শকদের ফেরার সুযোগ দিতে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। সংস্থাটি বলেছে, এসব স্থাপনায় প্রবেশাধিকার পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে ইরানি কর্মকর্তারা এখনো দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জারি করা ফতোয়ার কথা উল্লেখ করছেন। ওই ধর্মীয় নির্দেশনায় পারমাণবিক অস্ত্রসহ গণবিধ্বংসী অস্ত্র তৈরি নিষিদ্ধ করা হয়েছিল।

আরাঘচি বলেন, এক পক্ষ মনে করে দেশের বর্তমান পরমাণু নীতি বহাল রাখা উচিত, অন্য পক্ষ পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলছে। উভয় পক্ষেরই নিজস্ব যুক্তি রয়েছে।

আলী খামেনির ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনি গত মার্চে দায়িত্ব পাওয়ার পর থেকে জনসমক্ষে আসেননি। বাবার জারি করা ফতোয়া বাতিল করে নতুন কোনো নির্দেশনাও দেননি তিনি।