...|...|...

সারাদেশ

শীতের আগমনী বার্তা

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫৭ | আপডেট: ৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪:০৬
Shares
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে

আশ্বিনের শেষপ্রান্তে এসে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে প্রাক-শীতের আমেজ। আকাশজুড়ে মেঘ, রাতভর বৃষ্টি ও ভোরের হালকা কুয়াশায় সীমান্তঘেঁষা তেঁতুলিয়ায় এক দিনের ব্যবধানেই বদলে গেছে আবহাওয়ার চিত্র। কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের অনুভূতি।

গত কয়েক দিন ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকা তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রির ঘরে। সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রবিবার রাত থেকে শুরু করে গত ২৪ ঘণ্টায় সেখানে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাতভর বৃষ্টির পর ভোরে চারপাশ কুয়াশায় ঢেকে যায়। এর সঙ্গে যোগ হয় উত্তরের হিমেল বাতাস, ফলে তাপমাত্রার অনুভূতিও কমে আসে।

স্থানীয়রা জানান, ভোরের মিহি কুয়াশা, হিমেল বাতাস ও তাপমাত্রার হঠাৎ পতন উত্তরাঞ্চলে আগাম শীতের বার্তা দিচ্ছে। ভোরের আলো ফোটার পর কুয়াশামাখা পথে স্থানীয়দের প্রাতঃভ্রমণে বের হতে দেখা গেছে। শিশু ও বয়োবৃদ্ধদের অনেকেই সকালে হালকা গরম কাপড় ব্যবহার শুরু করেছেন।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার রাতে তেঁতুলিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। কয়েক দিন ধরেই স্থানীয় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। বিশেষ করে ভোররাতের দিকে শীতের অনুভূতি বাড়ছিল।

তিনি বলেন, এটি মূলত ঋতু পরিবর্তনের স্বাভাবিক লক্ষণ। এখন থেকে তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।