ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদফতর। ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি শুষ্ক আবহাওয়ায় দিনের তাপমাত্রা আগের তুলনায় সামান্য বাড়তে পারে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরের ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আজ ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
এ ছাড়া রোববার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সূর্যাস্ত হবে। সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে।
এদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময়ে নদীবন্দরগুলোকে কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


