চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি চলছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ রয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম অনেকটা অচল হয়ে পড়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রয়েছে। উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা। আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন শিক্ষার্থীরা। পাশাপাশি সন্ধ্যায় ক্যাম্পাসে মশাল মিছিল করার কথা রয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউনসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়োগের মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক ড. আবু সাদাত মো. সায়েমকে সরিয়ে দেওয়া হয়। পরে সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের পর থেকেই আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
এদিকে নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম দায়িত্ব গ্রহণের জন্য বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন। তবে বৃহস্পতিবার পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাননি। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই উপাচার্য পরিবর্তন নিয়ে পরিস্থিতি অব্যাহত রয়েছে।


