দীর্ঘ ৩৫ দিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে পাঠদানে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের ক্লাসের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হয়, যা বেলা ১১টা পর্যন্ত চলে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে যে, পর্যায়ক্রমে সকল বিভাগ ও বর্ষের নিয়মিত একাডেমিক কার্যক্রম চালু করা হচ্ছে।
শ্রেণিকক্ষে ফিরে এলেও নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। তাদের স্পষ্ট বক্তব্য, পড়াশোনা ও একাডেমিক কার্যক্রমের পাশাপাশি দাবি আদায়ে তাদের কর্মসূচি বহাল থাকবে।
এদিকে চুয়েটের চলমান সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত ছয় সদস্যের প্রতিনিধি দল বুধবার সকালে শিক্ষকদের সাথে এক জরুরি বৈঠকে বসেছেন। পরবর্তীতে শিক্ষার্থীরা এবং কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিদের সাথেও তাদের আলাদা বৈঠক করার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয় কর্তৃপক্ষ।
এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা, যার ফলে দীর্ঘ দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমসহ ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকে। গত রবিবার শিক্ষক ও কর্মকর্তাদের যৌথ সভার পর আজ থেকে ক্লাস শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়।


