রাজধানীর নূরজাহান মার্কেটের সামনে ইডেন মহিলা কলেজের কয়েকজন শিক্ষার্থীর গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে আটক করেন শিক্ষার্থীরা। পরে তার চুল কেটে মারধরের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আটক যুবক বিভিন্ন মার্কেটে পানি সরবরাহের কাজ করেন বলে জানিয়েছে পুলিশ।
ইডেন মহিলা কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আন্নু মালা জানান, ঘটনার সময় নূরজাহান মার্কেটের সামনে পাঁচ শিক্ষার্থীকে জুম করে গোপনে ভিডিও ধারণ করছিলেন ওই যুবক। পরে তার মোবাইল ফোন পরীক্ষা করে আরও অনেক নারীর ভিডিও দেখতে পান তারা। এসব ভিডিওর মধ্যে শপিংমলে কেনাকাটা করা নারী এবং রাস্তায় চলাচলরত নারীদের ভিডিও ছিল বলে জানান তিনি।
আন্নু মালা আরও অভিযোগ করেন, ওই যুবক একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন এবং সেই অ্যাকাউন্ট থেকে ধারণ করা ভিডিওগুলো আপলোড করেন।
তিনি জানান, পরে যুবককে ইডেন কলেজ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয় এবং শিক্ষকদের কাছে সোপর্দ করা হয়। এরপর শিক্ষকেরা তাকে পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া বলেন, ‘একটা ছেলে সে বিভিন্ন মার্কেটে পানি সরবরাহের কাজ করে। সে আজকে ইডেনের কয়েকজন শিক্ষার্থীর গোপনে ভিডিও ধারণ করে। এই বিষয়ে আমরা অভিযোগ পেয়ে তাকে আটক করি। তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নেব তার বিরুদ্ধে।’


