...|...|...

সোশ্যাল মিডিয়া

১৫টি ভিডিও পোস্টে মিলতে পারে ৩ হাজার ডলার, যেভাবে পাবেন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, রাত ১০:০৮
Shares
১৫টি ভিডিও পোস্টে মিলতে পারে ৩ হাজার ডলার, যেভাবে পাবেন

ছবি : সংগৃহীত

ভিডিও নির্মাতাদের উৎসাহিত করতে নতুন বোনাস কর্মসূচি চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ নামের এ কর্মসূচিতে ৩০ দিনের মধ্যে ১৫টি মৌলিক ভিডিও প্রকাশের শর্ত পূরণ করলে সর্বোচ্চ ৩ হাজার ডলার বা প্রায় ৩ লাখ ৬৯ হাজার টাকা পাওয়ার সুযোগ রয়েছে। প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ধরে এ হিসাব করা হয়েছে।

তবে আপাতত সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন না। এক্স জানিয়েছে, নির্বাচিত ভিডিও নির্মাতাদের নিয়ে পরীক্ষামূলকভাবে কর্মসূচিটি চালু করা হয়েছে।

প্ল্যাটফর্মটিতে মানসম্মত ভিডিওর সংখ্যা বাড়ানো এবং নির্মাতাদের মৌলিক কনটেন্ট তৈরিতে উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য। প্রচলিত অনেক মনিটাইজেশন ব্যবস্থায় ভিডিওর দর্শকসংখ্যার ওপর আয়ের পরিমাণ নির্ভর করে। তবে নতুন এ কর্মসূচিতে নির্ধারিত শর্ত পূরণ করলেই নির্দিষ্ট অঙ্কের বোনাস পাওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ, বোনাস পেতে ভিডিওতে নির্দিষ্টসংখ্যক ভিউ বা লাইক অর্জন বাধ্যতামূলক নয়।

যেসব শর্ত পূরণ করতে হবে

কর্মসূচির আওতায় অংশ নিতে আগ্রহী নির্মাতাদের ভিন্ন ভিন্ন দিনে অন্তত ১৫টি ভিডিও প্রকাশ করতে হবে। একই দিনে একাধিক ভিডিও পোস্ট করলে তা নির্ধারিত শর্ত পূরণ করবে না।

ভিডিওগুলো অবশ্যই খাড়াভাবে ধারণ করা হতে হবে এবং প্রতিটির দৈর্ঘ্য তিন মিনিটের কম রাখতে হবে। পাশাপাশি ভিডিওর বিষয়বস্তু হতে হবে মৌলিক। নির্মাতারা নিজেদের তৈরি অন্য প্ল্যাটফর্মে আগে প্রকাশিত ভিডিওও এক্সে দিতে পারবেন। তবে সেসব ভিডিওতে অন্য প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক থাকা চলবে না। অন্যের তৈরি ভিডিও পুনরায় পোস্ট করেও এ কর্মসূচির সুবিধা পাওয়া যাবে না।

নিবন্ধন করবেন যেভাবে

ভিডিও কিকস্টার্ট বোনাস কর্মসূচিতে সরাসরি যে কেউ নিবন্ধন করতে পারবেন না। শুধু এক্স থেকে আমন্ত্রণ পাওয়া নির্মাতারাই এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে কোন মানদণ্ড অনুসরণ করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি প্ল্যাটফর্মটি।

আমন্ত্রণ পাওয়া নির্মাতাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে এক্সের ক্রিয়েটর স্টুডিওর ‘প্রোগ্রামস’ বিভাগে গিয়ে নিবন্ধন করতে হবে।

আগের মনিটাইজেশন কর্মসূচি থেকে পার্থক্য

এক্সের ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ কর্মসূচির সাথে নতুন বোনাস ব্যবস্থার কিছু পার্থক্য রয়েছে। আগের কর্মসূচিতে অংশ নিতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, অন্তত ৫০০ ভেরিফায়েড অনুসারী এবং নির্দিষ্ট পরিমাণ ইমপ্রেশনসহ বিভিন্ন যোগ্যতা পূরণ করতে হয়। কিন্তু ভিডিও কিকস্টার্ট বোনাসের ক্ষেত্রে এসব শর্ত বাধ্যতামূলক নয়।

নতুন কর্মসূচিটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে এটি আরও বেশি ভিডিও নির্মাতার জন্য উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি এক্স।

সূত্র: নিউজ১৮