...|...|...

সারাদেশ

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, রাত ১০:০৭
Shares
চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দর এলাকার ভেতরে অনুমতি ছাড়া ছবি তোলা, ভিডিও ধারণ এবং এসব তথ্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে বন্দরের সংবেদনশীল স্থাপনা ও কার্যক্রমের দৃশ্যমান তথ্য সংগ্রহের ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিমের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার। আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ও জাতীয় নিরাপত্তা বিধিমালা অনুসরণ করেই এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় আইএসপিএস অনুসরণকারী বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর ‘জিরো অবজারভেশন’ অর্জন করেছে।

কর্তৃপক্ষ বলছে, দেশের গুরুত্বপূর্ণ ‘ক’ শ্রেণির কেপিআই হিসেবে বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনাগুলোর সুরক্ষা জাতীয় স্বার্থের সাথে সরাসরি সম্পর্কিত। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২-এর ১২ ধারা অনুযায়ী বন্দরের সীমানার ভেতরের সব স্থান ও স্থাপনা সংরক্ষিত বন্দর এলাকা হিসেবে বিবেচিত।

এ ছাড়া অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩-এর বিধান অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট সংবেদনশীল স্থান, তথ্য, নকশা, ছবি বা অন্যান্য উপাত্ত অনুমতি ছাড়া ধারণ, প্রকাশ বা প্রচার আইনত দণ্ডনীয় হতে পারে।

নির্দেশনায় বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা, সংরক্ষিত এলাকার নজরদারি সক্ষমতা, স্থাপনার বিন্যাস কিংবা অপারেশনাল তথ্য প্রকাশ করা যাবে না।

একইভাবে বন্দরের সংবেদনশীল স্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, গুরুত্বপূর্ণ অবকাঠামো, প্রবেশ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, জাহাজ ও কার্গো ব্যবস্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি বা ভিডিও ধারণ, স্কেচ তৈরি কিংবা যেকোনো ধরনের দৃশ্যমান তথ্য সংগ্রহ ও প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ করে কেপিআই সংরক্ষিত এলাকা ও নিরাপত্তাসংশ্লিষ্ট স্থাপনায় অনুমতিবিহীন কোনো কার্যক্রম কঠোরভাবে এড়িয়ে চলতে বলা হয়েছে।

বন্দর ব্যবহারকারী সবাইকে নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, অননুমোদিত তথ্য প্রকাশ বা প্রচারের কারণে বন্দর নিরাপত্তা বিঘ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন, নিরাপত্তা বিধিমালা ও বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।