...|...|...

বিশ্ব

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৭

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৮:৩২ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৭
Shares
তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৭

ছবি: সংগৃহীত

পশ্চিম তুরস্কের বন্দরনগরী ইজমিরের কাছে একটি লৌহ ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৭ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যম বিবিসি জানায়, নিহত ও আহতরা সবাই দেশটির অন্যতম শীর্ষ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘হাবাস দেমির চেলিক’ -এর কারখানার শ্রমিক। কারখানাটি আলিয়াগা এলাকায় অবস্থিত। ঘটনাস্থলের ফুটেজে দেখা যায়, কারখানার ভেতরে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশপানে উঠে যাচ্ছে।

দেশটির স্থানীয় গভর্নর জানিয়েছেন, দুপুরের দিকে একটি ক্রেন দিয়ে নতুন বয়লার বসানোর সময় সেটি ভেঙে পড়ে। এর ফলে বয়লারের বিভিন্ন অংশ নিচে থাকা চুল্লির (ফার্নেস) ওপর গিয়ে পড়লে এই বিস্ফোরণ ঘটে।

‘টার্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ’ নামের একটি স্বতন্ত্র নাগরিক সংগঠন জানিয়েছে, তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা একটি দীর্ঘস্থায়ী সমস্যা।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান শুরুতে নিহতের সংখ্যা ১৬ জন বলে জানিয়েছিলেন। তবে স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোলু পরে জানান, গুরুতর আহতদের মধ্যে একজন মারা গেছেন, যার ফলে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় মাটি কেঁপে উঠেছিল; একজন তো ভেবেই বসেছিলেন যে ভূমিকম্প হয়েছে।

কারখানা পরিচালনাকারী কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, কারখানার একটি ‘ইলেকট্রিক আর্ক ফার্নেস’-এ নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে।

ইজমিরের গভর্নর সুলেমান এলবান গণমাধ্যমকে বলেছেন, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি নিউজের তুর্কি বিভাগ জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হাবাস কারখানাটি ইজমিরের আলিয়াগা জেলায় অবস্থিত। এলাকাটি একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং তুরস্কের জাহাজ ভাঙা শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র।