নির্বাচনে ভরাডুবির পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান কার্যত শেষ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, ইরানের সামরিক সক্ষমতা ও নেতৃত্ব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নতুন করে হামলার প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। তবে পরিস্থিতি বদলালে আবারও সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন ট্রাম্প। কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অবস্থান নিয়েও কথা বলেন তিনি। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, সামরিক দিক থেকে ইরান কার্যত শেষ হয়ে গেছে। দেশটির সামরিক শক্তি ও নেতৃত্বের বড় অংশ ধ্বংস হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র শুধু বিদ্যমান পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে।
তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদি সমাধানের প্রয়োজন রয়েছে বলে মনে করেন ট্রাম্প। তার মতে, এ বিষয়ে স্থায়ী সমাধান নিশ্চিত করা জরুরি।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে রয়েছে। এসব দেশ নতুন করে সংঘাত বাড়ুক, তা চায় না বলে জানান তিনি।
একইসাথে মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, প্রয়োজন দেখা দিলে ইরানে আবারও হামলা চালাতে পিছপা হবে না যুক্তরাষ্ট্র। যদিও এই মুহূর্তে নতুন কোনো সামরিক অভিযানের প্রয়োজনীয়তা দেখছেন না তিনি। হোয়াইট হাউসের ওই বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।
এদিকে বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়া এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।
তবে যুদ্ধ কার্যত শেষ হওয়ার বিষয়ে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টের দাবিকে ভুয়া খবর বলে অভিহিত করেছেন।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ বরং মার্কিন সরকারকেই বিপর্যস্ত করেছে। একইসাথে কাল্পনিক আলোচনার নামে বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান তিনি।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি চলমান পরিস্থিতির অবসান চান। বর্তমান অবস্থাকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ হিসেবে বর্ণনা করেন তিনি।
পেজেশকিয়ান বলেন, ইরান আলোচনার মাধ্যমে সংকট সমাধানে প্রস্তুত রয়েছে। তবে কোনো ধরনের চাপের মুখে আত্মসমর্পণ করবে না তেহরান।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে যুদ্ধ শুরু হওয়ার পর সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এতে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যও ব্যাপকভাবে প্রভাবিত হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস ও সারসহ বিভিন্ন পণ্য পরিবহনের অন্যতম প্রধান জলপথ এটি।
যুদ্ধের মধ্যে কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এসব হামলার বেশ কয়েকটির লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা।
এমন পরিস্থিতিতে ট্রাম্প যুদ্ধ কার্যত শেষ হওয়ার দাবি করলেও ইরানের পাল্টা বক্তব্যে দুই দেশের মধ্যে বিরোধ ও অনিশ্চয়তা এখনো স্পষ্ট।


