ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি বাথরুম থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নিচতলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝখানের বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালে হাসপাতালের এক পরিচ্ছন্নতাকর্মী বাথরুম পরিষ্কার করতে গিয়ে তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে দেখতে পায়, বাথরুমের ওপরের লোহার পাইপের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তরুণীটি ঝুলছিলেন। তার শরীর থেকে রক্ত ঝরে বাথরুমের মেঝেতে জমে ছিল।
খবর পেয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে এখন পর্যন্ত ওই তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। তিনি হাসপাতালের রোগী, দর্শনার্থী নাকি বাইরে থেকে এসেছিলেন, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, মরদেহের পায়ের নিচে একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। তরুণীর পরিচয় শনাক্তসহ ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।


