...|...|...

রাজনীতি

ঢাবিতে একসময় ধর্মীয় বিষয় নিয়ে কথা বলার সুযোগ ছিল না: সাদিক কায়েম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, রাত ৮:৪৭
Shares
ঢাবিতে একসময় ধর্মীয় বিষয় নিয়ে কথা বলার সুযোগ ছিল না: সাদিক কায়েম

ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় বস্তুবাদী দর্শন নিয়ে প্রকাশ্যে আলোচনা করা গেলেও ইসলাম ও ধর্মীয় বিষয় নিয়ে কথা বলার সুযোগ ছিল না বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, কুরআনের আসর আয়োজনের কারণে শিক্ষার্থীদের নির্যাতন ও শোকজের মুখোমুখি হতে হতো। অথচ সেই সময়ের উত্তরসূরিরাই এখন বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় প্রকাশ্যে উৎসব পালন করছেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৭ সালের নববর্ষের প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যে সাদিক কায়েম বলেন, ‘একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্ল মার্ক্স, লেনিন কিংবা বস্তুবাদী দর্শন নিয়ে অবাধে কথা বলা গেলেও আল্লাহ ও রাসূল (সা.)-কে নিয়ে কথা বলার সুযোগ ছিল না। কুরআনের আসর করার কারণে শিক্ষার্থীদের নির্যাতন ও শোকজের মুখোমুখি হতে হতো। আজ তাদের উত্তরসূরিরাই এই বটতলায় প্রকাশ্যে উৎসব পালন করছেন।’

ছাত্ররাজনীতির ধরন তুলে ধরে তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্বের পরিবর্তে সৃজনশীলতা ও জাতি গঠনের রাজনীতি করে। ইতিবাচক ও কল্যাণমুখী রাজনীতির মাধ্যমে ছাত্রশিবির একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলছে, যারা আগামী দিনে ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে।’

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।