দেশের সংগীতপ্রেমীদের জন্য আরেকটি সুখবর নিয়ে এলেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী হাসান রহিম। চলতি মাসেই প্রথমবার ঢাকায় পারফর্ম করতে যাচ্ছেন এই র্যাপার-গায়ক। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।
‘দিল কে পার্দে’ নামের একটি বিশ্বব্যাপী মিউজিক ট্যুরে এখন ব্যস্ত সময় পার করছেন হাসান রহিম। এই ট্যুরের আওতায় ইতিমধ্যে যুক্তরাষ্ট্র-কানাডা, লন্ডন এবং ইউরোপের একাধিক শহরে দর্শকদের মাতিয়েছেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ঢাকার নামও।
আগামী ২৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে হবে এই কনসার্ট, যার আয়োজক প্রতিষ্ঠান কেওয়াইএন আর্ট। খুব শীঘ্রই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
হাসান রহিমের গানে মূলত আরঅ্যান্ডবি, হিপহপ ও ইন্ডি-পপের মিশ্রণ শোনা যায়। কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম সিজনে গাওয়া ‘পিছে হাট’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর ‘তুররি জান্দি’ গানটিও শ্রোতামহলে দারুণ সাড়া ফেলে। এ ছাড়া ‘পয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’ ও ‘মেহবুবা’র মতো গানও তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে।
পাকিস্তান থেকে এর আগেও ঢাকায় এসেছেন তারকা শিল্পীরা। গত ২৪ জুলাই রাজধানীর ১০০ ফুট এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী কনসার্ট করেন গায়ক আতিফ আসলাম, যেখানে তিনি তার পরিচিত গানগুলো পরিবেশন করে দর্শক মাতান।



