...|...|...

বিনোদন

২৭ বছর পর ঐশ্বরিয়াকে কটাক্ষের জবাব দিলেন বনসালি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, সকাল ১১:১৪ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, রাত ৩:৪৭
Shares
২৭ বছর পর ঐশ্বরিয়াকে কটাক্ষের জবাব দিলেন বনসালি

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শুরুতে প্রথম সিনেমাতে ব্যর্থতার মুখ দেখেছিলেন বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনসালি। তবে সেই ব্যর্থতায় হতাশ হয়ে পড়েননি তিনি।

১৯৯৬ সালে ‘খামোশি: দ্য মিউজিক্যাল’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন এই নির্মাতা। তবে বক্স অফিসে প্রথম সিনেমার ব্যর্থতা তাকে আরও জেদি করে তোলে।

নতুন উদ্যমে তিনি নির্মাণ করেন ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমাটি। মুক্তির পর সিনেমাটি শুধু সুপারহিটই হয়নি, অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের ক্যারিয়ারেরও এটি অন্যতম মাইলফলক হয়ে ওঠে।

তবে বর্তমানে যে সিনেমাকে ক্লাসিক বলা হয়, মুক্তির সময় সেটিকেও নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এক সাক্ষাৎকারে বনসালি বলেন, ‘হাম দিল দে চুকে সনম’ মুক্তির পর অনেকেই ঐশ্বরিয়ার জনপ্রিয় গান ‘নিম্বুডা’ নিয়ে কটাক্ষ করেছিলেন। কেউ কেউ মন্তব্য করেছিলেন, তাকে দিয়ে নাকি ‘মুজরা’ করানো হয়েছে।

এই মন্তব্যে যথেষ্ট বিরক্ত হয়েছিলেন বনসালি। পরিচালক জানান, ছবির প্রতিটি খুঁটিনাটি বিষয়ে তিনি নিজে নজর রাখতেন। পোশাক, গয়না, সেটের রং, পর্দার কাপড়- এমনকি ঐশ্বরিয়া রাইয়ের চোখের কাজলের পুরুত্ব পর্যন্ত নিজে ঠিক করেছিলেন তিনি।

তিনি বলেন, ‘আমি প্রতিটি বিষয় নিখুঁত করতে চেয়েছিলাম। দিনের ২৪ ঘণ্টাই ছবির কথা ভাবতাম। সেই সময় আমি যেন অন্য এক মানুষ হয়ে গিয়েছিলাম।’

‘হাম দিল দে চুকে সনম’-এর নারী চরিত্র নিয়েও নানা প্রশ্ন উঠেছিল। এ প্রসঙ্গে বনসালি বলেন, ‘আমি নারীদের নিজস্ব সৌন্দর্য ও ব্যক্তিত্বকে পর্দায় তুলে ধরতে ভালোবাসি।’