বলিউড অভিনেতা সালমান খানের সাম্প্রতিক এক অনুষ্ঠানে অংশগ্রহণের ভিডিও ভাইরাল হওয়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জল্পনা শুরু হয়েছিল।। তবে তার শারীরিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলার মধ্যেই সালমানকে নিয়ে এক অদ্ভুত ও মজার স্মৃতিকথা শেয়ার করেছেন চলচ্চিত্র প্রযোজক শৈলেন্দ্র সিং। বিরিয়ানি খাওয়ার মধ্যেই কীভাবে অনায়াসে মাথার ত্বকে সুচ ফোটানো হচ্ছিল অভিনেতাকে, সেই খবরই প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সালমান খানের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে উদ্বেগের শেষ ছিল না। ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে অভিনেতার শারীরিক ক্লান্তি দেখে নানা প্রশ্ন উঠলেও, নিজের চিরচেনা রসিকতা দিয়ে সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন ভাইজান।
তবে তার এই শারীরিক পরিস্থিতি আলোচনায় থাকার মধ্যেই সালমানকে নিয়ে এক অদ্ভুত ও মজার স্মৃতিকথা শেয়ার করেছেন চলচ্চিত্র প্রযোজক শৈলেন্দ্র সিং। বিরিয়ানি খাওয়ার মধ্যেই কীভাবে অনায়াসে মাথার ত্বকে সুচ ফোটানো হচ্ছিল অভিনেতাকে, সেই গোপন খবরই বলেছেন তিনি।
একটি পডকাস্টে কথা বলার সময় শৈলেন্দ্র জানান, ঘটনাটি বেশ কয়েক বছর আগের। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমানের বাসায় এক সোমবারে পার্টিতে গিয়েছিলেন তিনি। কথার ফাঁকেই তিনি সালমানের একটি অদ্ভুত অভ্যাসের কথা ফাঁস করেন।
শৈলেন্দ্রর ভাষ্যমতে, সালমান আয়নার দিকে তাকিয়ে খেতে পছন্দ করেন এবং পাশে বসে থাকা মানুষের সাথে সরাসরি কথা না বলে আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়েই কথা চালিয়ে যান।
ঘটনার বর্ণনা দিয়ে প্রযোজক বলেন, আমি সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দেখা করতে গিয়েছিলাম। তখন আমাদের নিয়ম করে সোমবার রাতে পার্টি হতো। ও ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল আর আয়নায় নিজেকে দেখছিল। রান্নাঘরের কাছে একটা ছোট টেবিল আছে, যার সামনে একটি বড় আয়না। তাই আপনি ওর পাশে বসে থাকলেও ও কিন্তু আয়নার দিকে তাকিয়েই আপনার সাথে কথা বলবে।
এরপরই পরিস্থিতি আরও আশ্চর্যজনক হয়ে ওঠে বলে জানান শৈলেন্দ্র। তিনি দেখেন, এক ব্যক্তি কিছু চিকিৎসা সরঞ্জাম নিয়ে ঘরে ঢোকেন, যা দেখে অবাক হয়ে যান প্রযোজক।
তিনি বলেন, সালমান শান্তিতে বিরিয়ানি খাচ্ছিল- আপনারা তো জানেনই সালমান খেতে কতটা ভালোবাসে, বিশেষ করে কয়েক পেগ পেটে পড়ার পর। হঠাৎই এক আজব দেখতে লোক ঘরে ঢুকে গ্লাভস পরে নিল, তারপর একটা সিরিঞ্জ বের করে সালমানের মাথার ত্বকে ইনজেকশন দেওয়া শুরু করে দিল! আমি আয়নায় গোটা দৃশ্যটা দেখছি আর ভাবছি, ‘আরে হচ্ছেটা কী এখানে?’
অবাক হয়ে সালমানকে এর কারণ জিজ্ঞেস করতেই মুচকি হেসে সালমান উত্তর দেন, ‘স্টার হওয়ার একটা তো দাম দিতেই হয়, ভাই!’
শৈলেন্দ্র জানান, তিনি পরে বুঝতে পারেন যে সালমান আসলে পিআরপি (প্লাটিলেট-রিচ প্লাজমা) ট্রিটমেন্ট করাচ্ছিলেন। এটি এমন এক পদ্ধতি যেখানে নিজের রক্তরস ব্যবহার করে চুল গজাতে সাহায্য করা হয়।
শৈলেন্দ্র আরও বলেন, তখন আমি জানতাম না এটা কী। এখন তো ঋত্বিক থেকে শুরু করে সবাই এটা করায়। বয়স বাড়লে আর চুল পাতলা হতে শুরু করলে এই কাজগুলো করতেই হয়।
বিতর্ক ও আলোচনার মধ্যেই সালমান খান বর্তমানে ব্যস্ত আছেন পরিচালক বংশী পাইডিপল্লীর অ্যাকশন সিনেমার শুটিং নিয়ে। এই ছবিতে তার বিপরীতে মুখ্য চরিত্রে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে।



