...|...|...

বিশ্ব

ড্রোন হামলার পর রাশিয়ায় ইয়ানডেক্সের ডেটা সেন্টার বন্ধ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৪
Shares
ড্রোন হামলার পর রাশিয়ায় ইয়ানডেক্সের ডেটা সেন্টার বন্ধ

ছবি: সংগৃহীত

রাশিয়ার ভ্লাদিমির শহরে ড্রোন হামলার পর প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়ানডেক্সের একটি ডেটা সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এতে প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি ডিজিটাল সেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কোম্পানিটি।

সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, রবিবার (১১ অক্টোবর) ইয়ানডেক্স জানায়, মস্কোর পূর্বাঞ্চলে অবস্থিত ভ্লাদিমির শহরের ডেটা সেন্টারটিতে হামলার পর জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে কাজ করছে। একই সঙ্গে সিস্টেম পুনরুদ্ধার এবং পরিষেবাগুলো সচল করার উপায় খতিয়ে দেখা হচ্ছে।

টেলিগ্রামে দেওয়া এক সতর্কবার্তায় প্রতিষ্ঠানটি জানায়, ডেটা সেন্টারটির কার্যক্রম পুরোপুরি স্থগিত করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যবহারকারীদের বিপর্যয়-পরবর্তী পুনরুদ্ধার পরিকল্পনা সক্রিয় করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া অবকাঠামোর অন্যান্য সম্পদের স্থিতিশীলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে কোম্পানিটি।

গত এক সপ্তাহের মধ্যে ইয়ানডেক্সের ডেটা সেন্টারে এটি তৃতীয় হামলার ঘটনা। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রযুক্তি অবকাঠামো লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা জোরদার হওয়ার মধ্যেই এসব ঘটনা ঘটছে।

শুক্রবার ইয়ানডেক্স জানায়, মস্কোর দক্ষিণ-পশ্চিমে কালুগা অঞ্চলে তাদের একটি ডেটা সেন্টারে ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে। এতে কেন্দ্রটির কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়।

এর আগের দিন মস্কোর দক্ষিণ-পূর্বে সাসোভোতে প্রতিষ্ঠানটির আরেকটি ডেটা হাব বন্ধ হয়ে যায়। ওই কেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরিতে ব্যবহৃত তিনটি সুপারকম্পিউটারের মধ্যে দুটি ছিল।

সাসোভোর স্থাপনায় হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের ডেটা সেন্টারে হামলা চালিয়ে আসছে। এর জবাবেই ইউক্রেন পাল্টা পদক্ষেপ নিচ্ছে। তবে এ বিষয়ে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি।

এদিকে গত এক মাসে রাশিয়া ইউক্রেনের একাধিক ডেটা সেন্টার ও টেলিযোগাযোগ অবকাঠামোতে হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব হামলায় দেশটির যোগাযোগব্যবস্থা ও ডিজিটাল বাণিজ্য ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।