...|...|...

বিশ্ব

পাকিস্তানের রাজধানীতে রেড অ্যালার্ট জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২১ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬, রাত ৮:০৮
Shares
পাকিস্তানের রাজধানীতে রেড অ্যালার্ট জারি

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে জরুরি অবস্থা জারির পর এবার রাজধানী ইসলামাবাদে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ফেডারেল সরকার। একই সাথে রাজধানীজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুরো শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশও দিয়েছে সরকার।

রবিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ফেডারেল রাজধানী ইসলামাবাদে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। শহরজুড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ১৪৪ ধারা লঙ্ঘনকারীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসলামাবাদের প্রধান প্রধান সড়কের মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া সব পুলিশ সুপার (এসপি), ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) ও স্টেশন হাউস অফিসারদের (এসএইচও) মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শহরের কোথাও ব্যানার প্রদর্শন বা জনসমাগম হলে পুলিশকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র জানায়, ইসলামাবাদের প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ‘রেড জোনে’ অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ সীমিত করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা জোরদারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে রেঞ্জার্স সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির পর ইসলামাবাদে এই নিরাপত্তাব্যবস্থা ঘোষণা করা হলো।