...|...|...

বিশ্ব

সাড়ে ১০ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০৪
Shares
সাড়ে ১০ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

ছবি: সংগৃহীত

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে অভিযান চালিয়ে প্রায় ১৪ হাজার ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত পরিচালিত এ অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১০ হাজার ৪৩১ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে পরিচালিত অভিযানে মোট ১৩ হাজার ৮৮৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৭৮৫ জন আবাসনসংক্রান্ত আইন, ৩ হাজার ৭১০ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৯৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।

এ ছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৩৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৬৬ শতাংশ ইথিওপিয়ার, ৩৩ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও ৩৪ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩৩ হাজার ১১৩ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাঁদের মধ্যে ৩০ হাজার ৪৩৮ জন পুরুষ এবং ২ হাজার ৬৭৫ জন নারী। এ ছাড়া ১৮ হাজার ৯৪৭ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ৪ হাজার ৫৯৬ জনকে দেশে ফেরার প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

অন্যদিকে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানের সুবিধা দেওয়ার অভিযোগে ২১ জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তা করা, নথিপত্রহীন ব্যক্তিদের পরিবহন বা আশ্রয় দেওয়ার মতো অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি এসব কাজে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।

এ ধরনের আইন লঙ্ঘনের ঘটনা সম্পর্কে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের জরুরি নম্বর ৯১১-এ ফোন করে জানানোর আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।